হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে ৪০ পাম্পের অধিকাংশেই তেল নেই—জেলা পেট্রলপাম্প মালিক সমিতির সভাপতি

ফরিদপুর প্রতিনিধি

সভায় বক্তব্য দেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুর জেলা পেট্রলপাম্প মালিক সমিতির সভাপতি ওয়াহিদ মিয়া কুটি বলেছেন, ‘জেলার ৪০টি পাম্পের অধিকাংশ পাম্পেই তেল নেই। চট্টগ্রাম থেকে আমাদের নিয়ন্ত্রণ করা হচ্ছে। যে কারণে কাঙ্ক্ষিত তেল পাওয়া যাচ্ছে না। এখনই যদি কোনো সমাধান না করা যায়, তাহলে ঈদযাত্রায় বড় ধরনের হুমকির মুখে পড়তে হবে।’

আজ মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসন আয়োজিত এক জরুরি সভায় তিনি এসব কথা বলেন।

ওয়াহিদ মিয়া কুটি বলেন, ‘প্রতিদিন আমাদের আড়াই লাখ লিটার তেলের চাহিদা রয়েছে। তেলের ডিপো থেকে চাহিদার অর্ধেক তেল পাঠানো হচ্ছে। যেসব কারণে আমাদের নাজুক অবস্থা।’ তিনি উপস্থিত সংসদ সদস্যের উদ্দেশে বলেন, ‘বৃহস্পতিবার আমাদের তেল দেওয়া হবে, শুক্র ও শনিবার তেল দেওয়া হবে না। এ দুদিন তেল যদি না দেওয়া হয়, তাহলে রোববার থেকে আমরা কাউকে আর তেল দিতে পারব না। এ ক্ষেত্রে রাষ্ট্রীয় উচ্চপর্যায়ে কথা বলে ফরিদপুরে তেলের সরবরাহ বাড়াতে হবে।’

এ ছাড়া বিভিন্ন পাম্পে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে উল্লেখ করেন ওয়াহিদ মিয়া বলেন, ‘তেল কম দেওয়ার কারণে বিভিন্ন পাম্পে আমাদের কর্মচারীদের মারধরও করা হয়েছে। কেউ সাংবাদিক, কেউ পুলিশ, কেউ রাজনৈতিক পরিচয়ে প্রভাব খাটিয়ে তেল বেশি নিতে চাচ্ছে।’ এগুলো বন্ধ করতে পুলিশের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।

সংসদ সদস্য বলেন, ‘এটি আন্তর্জাতিক ইস্যু। সে ক্ষেত্রে আমাদের সকলকে সাশ্রয়ী ও সচেতন হতে হবে। তারপরও আজ চট্টগ্রাম বন্দরে পাঁচটি জাহাজ এসেছে। আমাদের ফরিদপুরে যাতে সরবরাহ ঠিক থাকে, সে ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে।’

‘ঈদযাত্রা নির্বিঘ্নকরণ, সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রয় ও এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ’ শিরোনামে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে হয় এই সভা। এ সময় জেলা পেট্রলপাম্প মালিক সমিতি ও জেলা বাস মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

তাঁরা জানান, জেলায় ৪০টি তেলের পাম্প রয়েছে; যার মধ্যে ইতিমধ্যে ১০টি পাম্প বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এবং অধিকাংশ পাম্পে তেলসংকট রয়েছে। এ ক্ষেত্রে সংকট মোকাবিলায় তাঁদের জরুরি সভায় সরকার নির্ধারিত তেল বিক্রির বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, দৈনিক মোটরসাইকেলে ১০০, প্রাইভেট কারে ৫০০ থেকে ১ হাজার টাকার এবং অ্যাম্বুলেন্স ও দূরপাল্লার গাড়িগুলোয় প্রয়োজন অনুযায়ী তেল দেওয়া হবে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন, জেলা বাস মালিক সমিতির সভাপতি কামরুজ্জামান সিদ্দিকী, জেলা পেট্রলপাম্প মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ অনেকে।

ফরিদপুরে আওয়ামী লীগ নেতাকে জেলগেটে বরণ করলেন বিএনপির এমপি

সংসদ অধিবেশনের শুরুতে বিএনপিকে শপথ ও রাষ্ট্রপতিকে অপসারণের আহ্বান নাহিদের

ফরিদপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যায় আরও ২ আসামি গ্রেপ্তার

ফরিদপুরে এক ব্যক্তিকে গলা কেটে ও পায়ের রগ কেটে হত্যার চেষ্টা

ফরিদপুরে মাদক বিক্রি না করায় যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩

ফরিদপুরে সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

সৌদি যাওয়ার দুই সপ্তাহের মাথায় মৃত্যু, লাশটাও আটকে আছে টাকার জন্য

শিগগিরই ভারতীয় ভিসা চালু হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কাপড় শুকানো নিয়ে বিবাদে দুই ভাইকে মারধর, একজনের মৃত্যু