হোম > সারা দেশ > ঢাকা

ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলই থাকল

নিজস্ব প্রতিবেদক

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট। সেই সঙ্গে ভর্তিতে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত পৃথক দুটি রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল নিষ্পত্তি করে আজ মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের বেঞ্চ এ রায় দেন।

এ ছাড়া বাতিল হওয়া আসনগুলোতে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।

রায়ে ভর্তির ক্ষেত্রে কোনো অনিয়ম ছিল কিনা, তা তদন্তের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিতে এমন একজনকে প্রধান করতে বলা হয়েছে যিনি পদমর্যাদায় অতিরিক্ত সচিবের নিচে নন। ওই কমিটিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের প্রতিনিধি ও বুয়েটের একজন কারিগরি বিশেষজ্ঞকে রাখতে বলা হয়েছে।

হাইকোর্ট বলেছেন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নীতিমালায় উল্লিখিত বয়সসীমার ব্যত্যয় ঘটিয়ে ১৬৯ শিক্ষার্থীকে ভর্তির বিষয়টি প্রমাণিত হয়েছে।

রিট আবেদনকারী দুই অভিভাবকের পক্ষে ছিলেন আইনজীবী শামীম সরদার। রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী কাজী মাঈনুল হাসান। ১৬৯ শিক্ষার্থীর পক্ষে ছিলেন ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আর ভিকারুননিসা স্কুলের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ রাফিউল ইসলাম।

রায়ের পর সায়েদুল হক সুমন সাংবাদিকদের বলেন, ‘ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে আলাপ করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

নির্দিষ্ট বয়সের বাইরে শিক্ষার্থী ভর্তির অভিযোগ তুলে প্রথম শ্রেণিতে ভর্তি–ইচ্ছুক দুই শিক্ষার্থীর অভিভাবক গত ১৪ জানুয়ারি রিট করেন। এরপর ২৩ জানুয়ারি হাইকোর্ট রুলসহ আদেশ দেন। পরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।

অন্যদিকে ভর্তি বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে ১৩৬ জন অভিভাবক আরেকটি রিট করেন। এতে গত ২৫ মার্চ হাইকোর্ট রুল জারি করেন। পৃথক রুলের ওপর একসঙ্গে শুনানি শেষে আজ মঙ্গলবার রায়ের জন্য দিন ধার্য করে দিয়েছিলেন হাইকোর্ট।

‘তার আচরণ ভালো লাগেনি’—আদালতকে আসামি শাহিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত