হোম > সারা দেশ > কুমিল্লা

মুরাদনগরে ট্রিপল মার্ডার: নিরীহ গ্রামবাসীকে হয়রানির অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি  

কুমিল্লার মুরাদনগরে ট্রিপল মার্ডার মামলায় নিরীহ গ্রামবাসীকে হয়রানির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামে তিনজনকে হত্যার ঘটনায় করা (ট্রিপল মার্ডার) মামলায় নিরীহ গ্রামবাসীকে হয়রানির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে কড়ইবাড়ি স্টেশন এলাকায় শতাধিক নারী ও শিশু এ কর্মসূচিতে অংশ নেয়।

স্থানীয়রা জানান, গত মাসে কড়ইবাড়ি গ্রামে মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত রুবি আক্তারসহ তিনজন গণপিটুনিতে নিহত হন। নিহতদের মধ্যে রুবি আক্তার ছাড়াও একজন পুরুষ ও একজন নারী ছিলেন। এ ঘটনায় নিহত রুবির বড় মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় ২৫ জনের নাম উল্লেখ করেন এবং আরও ১৩ জনকে অজ্ঞাত আসামি দিয়ে মামলা দায়ের করেন।

মামলার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৯ জনকে গ্রেপ্তার করে। তাঁদের তিন দিন করে রিমান্ডে নেওয়া হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রকৃত অপরাধীদের আড়াল করে গ্রামবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা দেওয়া হচ্ছে। একটি প্রভাবশালী মহল রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য নিরীহ মানুষদের আসামি করে হয়রানি করছে।

এতে আতঙ্কে কড়ইবাড়ি গ্রামের পুরুষেরা আত্মগোপনে চলে গেছেন। গ্রামটি এখন প্রায় পুরুষশূন্য। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় অনেক পরিবার মানবেতর জীবন যাপন করছে। নারীরা বলছেন, রাত হলেই তাঁরা ডাকাত আতঙ্কে ভুগছেন।

বিক্ষোভ সমাবেশে গ্রামের নারীরা বলেন, ‘আমরা চাই প্রকৃত অপরাধীদের বিচার হোক। কিন্তু নিরীহ মানুষকে কেন হয়রানি করা হবে? ফায়দা লুটতে গিয়ে একটি মহল গ্রামবাসীর জীবন দুর্বিষহ করে তুলেছে।’

তাঁরা সরকারের কাছে দ্রুত নিরপেক্ষ তদন্ত ও সাধারণ মানুষের হয়রানি বন্ধের দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান—এই ষড়যন্ত্র বন্ধ করুন। কড়ইবাড়ি গ্রাম যেন আর আতঙ্কে না থাকে।’

বিক্ষোভ মিছিলে গ্রামের তিন শতাধিক নারী ও শিশু অংশগ্রহণ করে। তারা ‘নিরীহদের হয়রানি বন্ধ করো’, ‘অপরাধীর বিচার চাই’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড বহন করে প্রতিবাদ জানায়।

এ বিষয়ে মুরাদনগর বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘মুরাদনগরে ট্রিপল মার্ডারের মামলাটি বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। আমরা তাদের সঙ্গে সমন্বয় করছি। এ মামলায় নিরীহ গ্রামবাসীকে হয়রানির বিষয়টি সঠিক নয়। সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ ছাড়া আমরা কাউকে হয়রানি বা আটক করছি না।’

ইসলামী ব্যাংকের হিসাব থেকে অর্থ সরানোর অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় গ্রেপ্তার জিসানের জন্য মেডিকেল বোর্ড

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসানকে প্রধান আসামি করে মামলা

কুমিল্লায় শিবির নেতা নিখোঁজ হননি, বিধবার সঙ্গে সম্পর্কের জটিলতায় আত্মগোপন করেন: পুলিশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ

প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের নতুন ভবনে ঠাঁই মায়ের

হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই সেতুর নির্মাণকাজ চলছে দাউদকান্দিতে

কুমিল্লায় বেকারি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু