হোম > সারা দেশ > চট্টগ্রাম

২৫-৩১ মে মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সভায় বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। ছবি: আজকের পত্রিকা

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সড়কে শৃঙ্খলা নিশ্চিতে এবং ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি বলেছেন, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১৮ মে) সকালে নগরের দামপাড়ায় সিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত ঈদুল আজহা উপলক্ষে সড়ক নিরাপত্তাবিষয়ক বিশেষ সভায় সিএমপি কমিশনার এসব কথা বলেন। সভায় ঈদযাত্রায় যানজট ও দুর্ঘটনা রোধে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ঈদের আগে ও পরে তিন দিন করে মোট সাত দিন অর্থাৎ ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত রয়েছে। তবে কোরবানির পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, বন্দরের মালপত্র এবং তৈরি পোশাক পরিবহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

সভায় সিদ্ধান্ত হয়, গণপরিবহনে দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা টানাতে হবে এবং বাস টার্মিনাল ও স্ট্যান্ডে বিলবোর্ডে তা প্রদর্শন করতে হবে। নগরের দামপাড়া, অলংকার, এ কে খান, ইপিজেড, বন্দর, কাঠগড়, অক্সিজেন মোড়, বহদ্দারহাট, শাহ আমানত সেতু এলাকা, কদমতলী টার্মিনালসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহনের সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করা হবে।

এ ছাড়া অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, লক্কড়ঝক্কড় ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, পণ্যবাহী গাড়িতে যাত্রী পরিবহন ঠেকানো এবং মহাসড়কে নির্ধারিত গতিসীমা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সড়ক পরিস্থিতি তদারকিতে সিএমপি, বিআরটিএ এবং মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে পৃথক ভিজিল্যান্স ও মনিটরিং টিম গঠনের সিদ্ধান্তও হয়।

সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, উপকমিশনার নেছার উদ্দিন আহমেদ, নিষ্কৃতি চাকমা, মোহাম্মদ লিয়াকত আলী খান, মো. রইছ উদ্দিন, কবীর আহম্মেদ, মো. আলমগীর হোসেন, মো. আমিরুল ইসলামসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অংশীজন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ