হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে আলোচিত শিশু ধর্ষণ মামলায় আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বাদীর জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে আলোচিত এ মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হয়।

বুধবার বেলা ১১টায় চট্টগ্রাম মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফছা ঝুমার আদালতে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় মামলার একমাত্র আসামি মনির হোসেনকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ জানান, মামলায় রাষ্ট্রপক্ষের ১৩ জন সাক্ষী রয়েছেন। প্রথম দিনের শুনানিতে বাদীসহ ৯ জন সাক্ষী আদালতে উপস্থিত ছিলেন। কার্যক্রমের শুরুতে ভুক্তভোগী শিশুর বাবা ও মামলার বাদীর জবানবন্দি গ্রহণ করা হয়।

আদালত সূত্রে জানা যায়, গত ২১ মে নগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে একটি ডেকোরেশন প্রতিষ্ঠানের কর্মচারী মনির হোসেনের বিরুদ্ধে।

ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্তকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ তাঁকে আটক করে থানায় নেওয়ার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে বাকলিয়া এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় অন্তত ৪০ জন আহত হন। পরে গভীর রাতে পুলিশ কৌশলে অভিযুক্তকে হেফাজতে নেয়।

পরদিন ২২ মে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আসামি মনির হোসেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ সময় আদালত দ্রুত অভিযোগপত্র দাখিল এবং তিন মাসের মধ্যে বিচারকাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

গত ৪ জুন মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। পরে ৮ জুন আদালত অভিযোগপত্র গ্রহণ করেন।

এর ধারাবাহিকতায় বুধবার বাদীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ