চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আরও বিপুল পরিমাণের অস্ত্র-গোলাবারুদ উদ্ধার এবং ২২ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা দেড়টার দিকে নগরের খুলশীতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ডিআইজি আহসান হাবীব পলাশ বলেছেন, জঙ্গল সলিমপুরে বিভিন্ন পাহাড়ি ও দুর্গম এলাকায় যৌথ বাহিনী তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল, একটি এলজি, ২৭টি পাইপগান, পিস্তলের ৩০টি ম্যাগাজিন, দেশীয় অস্ত্র তৈরির ৫৭টি পাইপ, ৬১টি কার্তুজ, বিভিন্ন আগ্নেয়াস্ত্রের ১ হাজার ১১৩টি গুলি, ১১টি ককটেল (বিস্ফোরক), পাইপগান তৈরির লেদ মেশিনসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় ২২ জনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া অভিযানে ১৯টি সিসি ক্যামেরা, তিনটি ডিভিআর, একটি পাওয়ার বক্স এবং দুটি বাইনোকুলার উদ্ধার করা হয়েছে। এসব আলামত এলাকাটিতে নজরদারি রাখার জন্য ব্যবহৃত হতো বলে জানিয়ে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব আলামত অপরাধীদের নজরদারি কার্যক্রমে ব্যবহৃত হতো।
ডিআইজি বলেন, জঙ্গল সলিমপুরে ওয়াচ টাওয়ার ব্যবহার করে অপরাধীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গমনাগমন পর্যবেক্ষণ করত। বিশেষ করে জঙ্গল সলিমপুরে আলীনগরের বিভিন্ন প্রবেশপথ ও পাহাড়ের চূড়ায় ওয়াচ টাওয়ারগুলো রয়েছে। অভিযানে সেসব ওয়াচ টাওয়ারগুলোর কার্যক্রম ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন পাহাড়ে অবস্থিত সন্ত্রাসীদের আস্তানা ও অস্ত্র তৈরির কারখানাসহ অপরাধমূলক কর্মকাণ্ডের নেটওয়ার্ক ধ্বংস করে দেওয়া হয়েছে। এলাকাটিতে অপরাধীরা যাতে পুনরায় সংগঠিত হতে না পারে, সে জন্য দুটি অস্থায়ী ক্যাম্প স্থাপনের কথা জানান ডিআইজি।
তিনি বলেন, জঙ্গল সলিমপুরে এস এম পাইলট উচ্চবিদ্যালয়ে জেলা পুলিশ ও এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) মিলে মোট ১৩০ জন সদস্য নিয়ে একটি ক্যাম্প, অন্য আরেকটি ক্যাম্প আলীনগর উচ্চবিদ্যালয়ে স্থাপন করা হয়েছে। এই ক্যাম্পটিতে র্যাব, আরআরএফ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) ও এপিবিএনের (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) ২৩০ জন সদস্য রয়েছে। পাশাপাশি জঙ্গল সলিমপুরের বিভিন্ন এলাকায় চেকপোস্ট ও পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত এ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, চট্টগ্রাম জেলা পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এপিবিএন, আরআরএফসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট ৩ হাজার ১৮৩ জন সদস্য অংশগ্রহণ করেন। এ ছাড়া সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান কার্যক্রমে দায়িত্ব পালন করেন। অভিযান পরিচালনায় তিনটি হেলিকপ্টার, ১৫টি এপিসি, র্যাব ও সিএমপির তিনটি ডগ স্কোয়াড এবং ১২টি ড্রোন ব্যবহার করা হয়। আধুনিক প্রযুক্তি ও বিশেষ কৌশল প্রয়োগের মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকায় যৌথ বাহিনীর সদস্যরা একযোগে চিরুনি অভিযান পরিচালনা করেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক, অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনসহ বিজিবির কর্মকর্তারা।