হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাহাড় কেটে ভবন নির্মাণ: যুবলীগ নেতা এলিটসহ ৭ জনের বিরুদ্ধে এফআইআর নিতে আদালতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামে অবৈধভাবে প্রায় ৪৯ হাজার ঘনফুটের বিশাল পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণের অভিযাগে যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিটসহ সাতজনের বিরুদ্ধে এফআইআর নিতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইব্রাহিম খলিলের আদালত এই আদেশ দেন।

এর আগে আদালতে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক রুম্পা সিকদার বাদী হয়ে এলিটসহ তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামাসহ মোট সাতজনের বিরুদ্ধে একটি মামলা করেন।

মামলার নাম উল্লেখ করা তিন আসামি হলেন দি চিটাগাং খুলশী ক্লাবের সভাপতি ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ নিয়াজ মোর্শেদ এলিট (৪৩), চিটাগাং খুলশী ক্লাবের সহসভাপতি রফিক উদ্দিন বাবুল (৫৭) এবং একই ক্লাবের নির্বাহী (অ্যাডমিন) মো. নাদিম উদ্দিন রানা (৩৮)।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আরিফুর জামান আরিফ আজকের পত্রিকাকে বলেন, আদালতে আসামিদের বিরুদ্ধে পাহাড় কাটা প্রমাণে ১০০ জনের বেশি স্থানীয় সাক্ষী, প্রত্যক্ষদর্শীসহ বিভিন্ন নথি উত্থাপন করা হয়। এতে আদালত সন্তুষ্ট হয়ে আসামিদের বিরুদ্ধে এফআইআর নিতে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

মামলায় খুলশী ক্লাবের সভাপতি এলিটসহ মোট সাতজনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(খ), ৭(ক) এবং ১৫(ক) ধারায় অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।

এর আগে ২০২৫ সালে ৯ মার্চ চট্টগ্রাম মহানগরীর খুলশী ক্লাব-সংলগ্ন পাহাড়ের ৪৮ হাজার ৭৫০ ঘনফুট পাহাড় কাটার প্রমাণ পেয়ে পরিবেশ অধিদপ্তর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ৪৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে পাহাড় পূর্বাবস্থায় ফিরিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়। তবে অধিদপ্তর একাধিকবার তাগাদা দেওয়ার পরও ওই জরিমানার টাকা পরিশোধ করেনি খুলশী ক্লাব কর্তৃপক্ষ।

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ ২ পুলিশ সদস্যকে বরখাস্ত, বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন

রাউজানে এবার দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ