হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দর: মৌসুমে অকেজো ৩ ড্যাম

ইমরান আলী, চিরিরবন্দর (দিনাজপুর)

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চিরি নদে নির্মিত শুখদেবপুর রাবার ড্যামের বর্তমান চিত্র। আজকের পত্রিকা

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তিনটি রাবার ড্যাম শুকনো মৌসুমে কৃষকদের কোনো কাজে আসছে না। এদিকে উপজেলার প্রায় আড়াই হাজার হেক্টর জমিতে বোরো চাষ ব্যাহত হচ্ছে। নলকূপ দিয়ে সেচ দিতে গিয়ে অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে চাষিদের।

শুকনো মৌসুমে কৃষকের পানির সেচ সুবিধার্থে উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের কাঁকড়া নদীতে সাঁইতাড়া রাবার ড্যাম, পুনট্টি ইউনিয়নে আত্রাই নদে মোহনপুর রাবার ড্যাম ও শুকবেদপুর গ্রামের চিরি নদীতে নির্মিত শুখদেবপুর রাবার ড্যাম রয়েছে। ড্যামগুলোর উদ্দেশ্য ছিল শুকনো মৌসুমে পানি আটকে রেখে কৃষককে সেচসুবিধা দেওয়া। কিন্তু এখন নদীতে পানি নেই। এতে কৃষকেরা বিপাকে পড়েছেন।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আত্রাই নদে নির্মিত মোহনপুর রাবার ড্যাম কয়েক বছর ধরে অচল। আত্রাই নদ খনন হওয়ায় কাঁকড়া নদীতে পানি কম আসে। সাঁইতাড়া রাবার ড্যাম চালু রাখলে সাঁইতাড়া থেকে মোহনপুর রাবার ড্যাম পর্যন্ত কৃষকেরা পর্যাপ্ত পানি পান না। এদিকে কাঁকড়া নদীতে সাঁইতাড়া রাবার ড্যামে পানি আটকানোর ব্যবস্থা না থাকায় চিরি নদীতে পানি আসছে না। এ জন্য শুখদেবপুর রাবার ড্যাম অচল হয়ে পড়ে রয়েছে। নদী থেকে কৃষকেরা পানি তুলতে না পারায় বোরো ধানের উৎপাদন খরচ বিঘাপ্রতি বেড়েছে ৩ থেকে ৪ হাজার টাকা।

ভিয়াইল ইউনিয়নের কৃষক হুনাইন আলী বলেন, বোরো মৌসুম এলেই মোহনপুর রাবার ড্যাম নষ্ট হয়ে যায়, বর্ষা মৌসুম শুরু হলে রাবার ড্যাম ভালো হয়ে যায়। বেশ কয়েক বছর ধরে এ রকম চিত্র মোহনপুর রাবার ড্যামের।

ভিয়াইল হালকা সেচ প্রকল্পের ম্যানেজার হামিদুল ইসলাম বলেন, ‘আমাদের এই সেচ প্রকল্প দিয়ে প্রায় ৬০০ একর জমিতে পানি দেই। কিন্তু কয়েক বছর ধরে মোহনপুর রাবার ড্যামের নানা সমস্যায় আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। আমরা এর একটা সুষ্ঠু সমাধানের জন্য উপজেলা কৃষি অফিসে অভিযোগ দিয়েছি।’

পূর্ব সাঁইতাড়া গ্রামের কৃষক কার্তিক রায় বলেন, ‘কয়েক বছর ধরে চিরি নদীতে পানি আসছে না। সাঁইতাড়া রাবার ড্যাম ফুলিয়ে রাখলে চিরি নদীতে পানি আসে না। এখন শুনছি সাঁইতাড়া রাবার ড্যাম চালু করে রাখলে আত্রাই নদ খনন হওয়ায় গভীরতা বেশি থাকায় পানি ওই দিকে বেশি চলে যাচ্ছে। এ জন্য সাঁইতাড়া রাবার ড্যাম বন্ধ চিরি নদীতে পানি না থাকায় শুখদেবপুর রাবার ড্যাম বন্ধ হয়ে পড়ে রয়েছে। এদিকে কৃষকদের গভীর নলকূপ থেকে পানি নিতে বিঘাপ্রতি কৃষকের খরচ বাড়ছে ৩ থেকে ৪ হাজার টাকা।’

মোহনপুর রাবার ড্যামের পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বলেন, এক মাস ধরে নতুন করে মেরামতের কাজ চলছে, তাঁরা দ্রুত ঠিক করে দেবে জানিয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা বলেন, ‘আমরা কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছি দ্রুত নদী খনন করে বিষয়টি সমাধান করার জন্য।’

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) চিরিরবন্দর উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান আজকের পত্রিকাকে বলেন,   নদী খনন করে পর্যাপ্ত পানি সরবরাহ করা হলে বেলুনগুলো ফোলালে কৃষকেরা নদী থেকে পানি তুলতে পারবেন।

জনবল-সংকটে ধুঁকছে চৈত্রকোল ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র

মাঝেমধ্যে খসে পড়ে পলেস্তারা, ঝুঁকি নিয়ে অফিস

যশোরে অপহৃত ব্যবসায়ী হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন: দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

পদ্মায় ডুবে গেছে ২৪ হাজার লিটার তেলবোঝাই লরি

শাহজালালে দুই প্রবাসী যাত্রীর কাছ থেকে ৬৭ লাখ টাকার আইফোন ও সিগারেট জব্দ

ডিজেল সংকটে কনটেইনার ডিপোর কার্যক্রম ঝুঁকিতে

নির্বিচারে মেহগনিগাছ কর্তন, ক্ষোভের মুখে স্থগিত

খুলনার ৪৭৫ অপরাধীর তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

পাথরঘাটা: জ্বালানি সংকটে মাছ ধরা বন্ধ জেলেদের