জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতা, অগ্নিসংযোগ ও রাজনৈতিক প্রতিপক্ষের কার্যালয়ে হামলার অভিযোগে দায়ের করা মামলায় রংপুরের গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গঙ্গাচড়া সদর ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, চব্বিশের জুলাই ছাত্র আন্দোলনের সময় গঙ্গাচড়ায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে গঙ্গাচড়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ২৬০ জনকে আসামি করা হয়। এতে আজিজুল ইসলামকে ২২ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়েছে।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি, ঘটনার পর থেকে তিনি এলাকায় অনুপস্থিত ছিলেন এবং দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তাঁর অবস্থান নিশ্চিত হয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সবুর বলেন, বৃহস্পতিবার রাতে আজিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত আজিজুল ইসলাম বা তাঁর পরিবারের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।