কানাডায় বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে টরন্টোয় এক মিলনমেলা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার টরন্টোর ‘ঢাকা কিচেন’ রেস্টুরেন্টে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়ে স্মৃতিচারণ ও সৌহার্দ্যপূর্ণ আড্ডায় অংশ নেন।
এ সময় বাংলাদেশের সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ এবং বিভাগের সদ্যপ্রয়াত শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। উপস্থিত সবাই তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। ৮৫ বছর বয়সে ৮ মার্চ রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
ইফতার অনুষ্ঠানে উপস্থিত বিভাগের সাবেক শিক্ষার্থী এবং টরন্টোর রিয়েল এস্টেট এজেন্ট মাহবুব ওসমানী বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ- এই দুই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সাখাওয়াত আলী খানের সঙ্গে সহকর্মী হিসেবে কাজ করার সুযোগ হয়েছিল তাঁর। তিনি বলেন, ‘স্যার আমাকে খুবই স্নেহ করতেন। তাঁর স্নেহ ও দিকনির্দেশনা সব সময় মনে থাকবে।’
অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন টিভি মেট্রো মেইল কানাডার প্রধান নির্বাহী ইমামুল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংক অব মন্ট্রিয়লে কর্মরত এবং অলাভজনক সংগঠন প্রোগ্রেসিভ অ্যাকশন ফর কমিউনিটি এমপাওয়ারমেন্টের (পিএসিই) পরিচালক আবু মহসিন।
বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক আবু সাদাত অনুষ্ঠানে বলেন, ‘জার্নালিজম ডিপার্টমেন্টের একটি বিশেষ গুণ হলো পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমরা কোনো না কোনোভাবে এক হয়ে যাই। কে কোন ব্যাচের, কার বয়স কত, এসব বিষয় ভুলে গিয়ে সবাই একসঙ্গে সময় কাটাই। টরন্টোর এই ইফতার সন্ধ্যাটাও তেমনই।’
ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্মাতা জানা শাম্মি, ডিরেক্টরস গিল্ড অব কানাডার (ডিজিসি) সদস্য নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী, সাংবাদিক রুহিনা তাসকিন এবং জিনাত আসগর, ইশরাত জাহান ও লাকি আনসারী। তাঁরা বিভাগের শিক্ষক ও শিক্ষাজীবনের নানা স্মৃতিচারণ করেন।