হোম > প্রযুক্তি

রাজধানীতে তরুণ বিজ্ঞানীদের সম্মেলন শুরু

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আজ সকালে ষষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেসের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। ছবি: আজকের পত্রিকা

‘কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য তরুণ বিজ্ঞানীরা’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে দু’দিনব্যাপী ষষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস। আজ শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে শুরু এই সম্মেলন চলবে আগামীকাল ৫ এপ্রিল পর্যন্ত।

বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের আয়োজনে সম্মেলনে দেশের তরুণ বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক গবেষণা, উদ্ভাবন ও সম্ভাবনা তুলে ধরবেন।

কংগ্রেসে বিভিন্ন সেশন, গবেষণা উপস্থাপনা, প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং প্রযুক্তি সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করছেন।

আয়োজকেরা জানান, এ ধরনের উদ্যোগ তরুণ বিজ্ঞানীদের মধ্যে গবেষণার আগ্রহ বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের উদ্ভাবন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সকালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

তিনি বলেন, তরুণ বিজ্ঞানীদের অংশগ্রহণে আয়োজিত ‘সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস’ দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে। তিনি উল্লেখ করেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি শুধু অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি নয়; বরং জাতীয় নিরাপত্তা, টেকসই উন্নয়ন ও মানবকল্যাণের অন্যতম ভিত্তি।

তরুণ বিজ্ঞানীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারাই ভবিষ্যতের নেতৃত্ব দেবেন। গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীলতার মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের পর অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের কাজে লাগানোর জন্যও তিনি আহ্বান জানান।

মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার বিজ্ঞান ও প্রযুক্তি খাতের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে অগ্রাধিকার দিয়ে একটি জাতীয় এআই ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। ডেটা নিরাপত্তা, ব্যবস্থাপনা এবং কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও শিল্প খাতে এর কার্যকর ব্যবহার নিশ্চিত করতে সমন্বিত নীতিমালা ও গবেষণার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে স্টেম শিক্ষা, ন্যানো ও বায়োটেকনোলজি এবং সেমিকন্ডাক্টর খাতে উন্নয়নে কাজ চলছে। ‘ইনোভেশন টু মার্কেট’ উদ্যোগের মাধ্যমে উদ্ভাবনকে বাজারের সঙ্গে সংযুক্ত করতে এবং একটি শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তুলতে পদক্ষেপ নেওয়া হয়েছে। শিগগিরই জাতীয় ইনোভেশন ফেয়ার আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, আজ আমরা চতুর্থ শিল্পবিপ্লবের যুগে অবস্থান করছি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবন ও কর্মক্ষেত্রকে পরিবর্তন করছে। বাংলাদেশের তরুণ বিজ্ঞানীরাই এই পরিবর্তনের মূল চালিকাশক্তি।

তিনি আরও বলেন, আমাদের উচিত প্রযুক্তি ব্যবহার করে দেশের বাস্তব সমস্যা—স্বাস্থ্য, কৃষি ও উদ্ভাবন—সমাধান করা এবং ডেটা নিরাপত্তা ও নৈতিকতা নিশ্চিত করা।

ষষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. জেড এন তাহমিদা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ষষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেসের চেয়ারপারসন মেজর জেনারেল (অব.) প্রফেসর ড. এ এস এম মতিউর রহমান। বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের সেক্রেটারি প্রফেসর ড. ইয়ারুল কবির অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন।

ইন্টারনেট ও ডেটা সেন্টার সচল রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি

এআইতে বিপুল বিনিয়োগ ওরাকলের, চাকরি গেল ১০ হাজার কর্মীর

ইরানের নিশানায় টেক জায়ান্ট, তালিকায় গুগল-অ্যাপল-মাইক্রোসফটসহ ১৮ কোম্পানি

স্মার্ট প্রযুক্তিতে বদলে যাচ্ছে স্বাস্থ্যসেবা

চীনা বিজ্ঞানীদের আবিষ্কার: ইঁদুরের মস্তিষ্ক পর্যবেক্ষণের নতুন প্রযুক্তি

কিউআর কোডে সাইবার ফাঁদ

ডিজিটাল ডেটা চুরিতে যেসব বিপদ হতে পারে

অপরিচিত নম্বরের ফোনকল বা মেসেজ থেকে সতর্ক থাকুন

১৫৬ বছরের পথচলা: এবার টিকটকে বিজ্ঞান নিয়ে হাজির বিশ্বখ্যাত সাময়িকী ‘নেচার’

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক করেছে ইরানিরা