ফিফা বিশ্বকাপের টিকিটের চাহিদা বরাবরই বেশি। এবারও ব্যতিক্রম নয়। ব্যতিক্রম শুধু দামে—সব টিকিটেরই চড়া দাম। টিকিটের এই চড়া দামের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছে ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই)। টিকিটের ‘অত্যধিক দাম’ নির্ধারণের অভিযোগে সংস্থাটি ফিফার বিরুদ্ধে ইউরোপীয় কমিশনের কাছে মামলা করেছে।
এক বিবৃতিতে এফএসই এই মামলার কথা জানিয়েছে, ‘ইউরোকনজিউমার্স এবং ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) ফিফার বিরুদ্ধে ইউরোপীয় কমিশনে একটি আনুষ্ঠানিক অভিযোগ করেছে। অভিযোগে বলা হয়েছে, ২০২৬ বিশ্বকাপের আগে ইউরোপীয় ভক্তদের ওপর টিকিটের মাত্রাতিরিক্ত দাম এবং অস্বচ্ছ ও অন্যায্য ক্রয় শর্ত চাপিয়ে দিয়ে ফিফা তাদের একচেটিয়া ক্ষমতার অপব্যবহার করেছে।’
এফএসইর দাবি, বিশ্বকাপের টিকিট বিক্রির পুরো নিয়ন্ত্রণ ফিফার হাতে থাকায় প্রতিযোগিতামূলক বাজারের মতো কোনো ভারসাম্য নেই। ফলে এমন শর্ত আর দাম নির্ধারণ করা হচ্ছে, যা স্বাভাবিক বাজারে গ্রহণযোগ্য হতো না।
বিশেষ করে ১৯ জুলাইয়ের ফাইনালের টিকিটের দাম নিয়ে ক্ষোভ সবচেয়ে বেশি। এফএসই জানিয়েছে, বর্তমানে ফাইনালের সবচেয়ে কম দামের টিকিটই শুরু হচ্ছে ৪ হাজার ১৮৫ ডলার থেকে। বাংলাদেশি মুদ্রায় এটা ৫ লাখ ১৩ হাজার ৬৫০ টাকা। ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় সাত গুণের বেশি। এটা যে মাত্রাতিরিক্ত বেশি, সেটি ২০২৪ ইউরো টিকিটের দিকে তাকালেই বোঝা যায়। ইউরো ফাইনালের টিকিটের দাম ছিল মাত্র ৯৫ ইউরো (১৩৫১০ টাকা)।
ফিফার নিজস্ব বিড ডকুমেন্টে গড় টিকিটের দাম ১ হাজার ৪০৮ ডলার ধরা হলেও বাস্তবে তা অনেক দূর ছাড়িয়ে গেছে বলে অভিযোগ ফুটবল সাপোর্টার্স ইউরোপের। ফিফার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজিত ২০২৬ বিশ্বকাপে প্রায় ৭০ লাখ টিকিট বিক্রির জন্য উন্মুক্ত করা হয়েছে। একজন দর্শক প্রতি ম্যাচে সর্বোচ্চ ৪টি এবং পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৪০টি টিকিট কিনতে পারবেন।
৪৮ দলের অংশগ্রহণে প্রথমবারের মতো ১০৪ ম্যাচের এই বর্ধিত বিশ্বকাপে জনপ্রিয় ম্যাচগুলোর টিকিটের দাম আকাশছোঁয়া হয়ে উঠেছে। যদিও প্রাথমিকভাবে উত্তর আমেরিকার বিডে ২১ ডলার থেকে টিকিট পাওয়ার প্রতিশ্রুতি ছিল, বাস্তবে সর্বনিম্ন দাম (ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়ামে অস্ট্রিয়া-জর্ডান ম্যাচ) দেখা গেছে ৬০ ডলার।
সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, ফাইনালের কিছু টিকিট ফিফার অফিশিয়াল রিসেল সাইটে অবিশ্বাস্য দামে বিক্রি হচ্ছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের একটি ক্যাটাগরি-৩ আসনের টিকিটের দাম উঠেছে ১ লাখ ৪৩ হাজার ৭৫০ ডলার, যা মূল দামের ৪১ গুণের বেশি!