নেইমার ইস্যুতে ব্রাজিল দলে নতুন করে উত্তাপ ছড়াল। প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে নেইমার-কে বাদ দেওয়ায় কোচ কার্লো আনচেলত্তিকে সতর্কবার্তা দিয়েছেন কিংবদন্তি রোমারিও। জানিয়ে দিয়েছেন, নেইমার যদি ফিট নাও থাকেন, তারপরও তাঁকে ব্রাজিল দলে রাখা উচিত।
কেন রাখা উচিত সে ব্যাখ্যাও দিয়েছেন ২০০২ ব্রাজিল বিশ্বকাপ জয়ের নায়ক রোমারিও। বলছেন, ‘নেইমার থাকলে ব্রাজিলের জয়ের সম্ভাবনা বেশি। সে না থাকলে সেই সম্ভাবনা অনেক কমে যায়। সে যদি ৫০ শতাংশ ফিটও থাকে। তবু আমি তাকে নিতাম।’
বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের দলে নেইমারের জায়গা হয়নি। দীর্ঘ চোট কাটিয়ে ওঠা এই তারকাকে না রাখার সিদ্ধান্তের কারণ হিসেবে আনচেলত্তি জানিয়েছেন, নেইমার পুরোপুরি ফিট নন। কিন্তু ব্রাজিল জাতীয় দলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে, ‘মিস্টার, একটু খেয়াল রাখবেন’ বলে নেইমার মনে করিয়ে দিয়েছেন, বিশ্বকাপের মতো বড় আসরে অভিজ্ঞতা বড় ফ্যাক্টর। আর নেইমারের সে অভিজ্ঞতা আছে। রোমারিওর আশা করছেন, নেইমার নিজেকে প্রমাণ করে শেষ পর্যন্ত দলে জায়গা করে নেবেন।
একই সুরে কথা বলেছেন আরেক কিংবদন্তি রোনালদো নাজারিও। তাঁর মতে নেইমারের মতো প্রমাণিত খেলোয়াড়কে নতুন করে যাচাই করার দরকার নেই—ফিট থাকলেই তাঁকে (নেইমার) দলে নেওয়া উচিত।
এ অবস্থায় নেইমারকে দলে নেওয়া না নেওয়ার বিষয়টি ব্রাজিলের জন্য বড় এক কৌশলগত প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দল কি অভিজ্ঞতা ও তারকাখ্যাতির ওপর ভরসা করবে, নাকি শতভাগ ফিট খেলোয়াড়দের নিয়েই ঝুঁকিমুক্ত পথ বেছে নেবে—সেটিই এখন দেখার বিষয়।