হোম > খেলা > ফুটবল

‘রোনালদো সেখানে আছে, কিন্তু সে আমাকে চায় না’

অনেক খেলোয়াড়ই আছেন, যাঁরা ইউরোপীয় ফুটবলে নির্দ্বিধায় আরও কয়েক বছর খেলতে পারতেন। কিন্তু বয়স ও ফর্মে থাকা অবস্থায়ও শীর্ষ প্রতিযোগিতা থেকে সরিয়ে নিয়ে সৌদি আরব, চীন কিংবা মেজর লিগ সকারে নাম লিখিয়েছেন। 

তবে অনেকের সঙ্গে এই পথে নেই হুয়ান কুয়াদ্রাদো। গেল মে মাসে ৩৫ বছর পূর্ণ করলেও এখনো খেলে যেতে চান ইউরোপীয় ফুটবলে। এ জন্যই সৌদি আরবের ফুটবলে যুক্ত হওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন কলম্বিয়ান উইঙ্গার। সঙ্গে মজা করে তিনি বলেছেন, ‘রোনালদো সেখানে আছে, কিন্তু সে চায় না তার সঙ্গে যোগ দিই।’ 

সর্বশেষ মাসেই জুভেন্টাসের সঙ্গে ৮ বছরের দীর্ঘ পথচলা শেষ হয়েছে কুয়াদ্রাদোর। নতুন করে কোনো চুক্তি করেনি দুই পক্ষই। তাই ফ্রি এজেন্ট যেকোনো ক্লাবে যোগ দিতে পারবেন তিনি। সে হিসাবে গুঞ্জন উঠেছিল সৌদি আরবে যেতে পারেন। তবে সেই সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সাবেক চেলসি উইঙ্গার। 

ইতালির সংবাদমাধ্যম কোরিয়েরে ডেলো স্পোর্টকে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় মজা করে তিনি বলেছেন, ‘এই মুহূর্তে, আমার এখনো প্যাশন আছে এবং প্রতিযোগিতা করতে পছন্দ করি। রোনালদো সেখানে আছে, কিন্তু সে চায় না তার সঙ্গে যোগ দিই। মজা করছি!’ 

জুভেন্টাসের সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়লেও এখনো ইউরোপীয় ফুটবলে অনেক বিকল্প পথ রয়েছে বলে জানিয়েছেন কুয়াদ্রাদো। তিনি বলেছেন, ‘খুবই স্বস্তি বোধ করছি, কোনটা ভালো তা ভেবে এবং সিদ্ধান্তগুলো নিয়ে ঈশ্বরের কাছে সহায়তা চাইছি। আমার এজেন্ট আন্দ্রে মার্তিনেজ ছিলেন এবং বিভিন্ন পরিস্থিতি নিয়ে আমার সঙ্গে কথা বলতে এসেছেন। অবশ্যই বিকল্প আছে এবং আমরা বিশ্লেষণ করব কোনটি সেরা।’ 

শুধু ইউরোপীয় ফুটবলেই খেলতে চান না, সামনে ২০২৬ বিশ্বকাপে খেলার ইচ্ছাও প্রকাশ করেছেন কুয়াদ্রাদো। জুভেন্টাসের হয়ে ৩১৪ ম্যাচে ২৬ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ৬৫টি। গোল ও অ্যাসিস্ট আরও বাড়তে পারত, শেষ দিকে ডিফেন্ডার হিসেবে খেলায় তা আর হয়নি। এ সময় তিনি ‘তুরিনের বুড়িদের’ পাঁচটি সিরি আ, চারটি কোপা ইতালিয়া ও দুটি সুপার ইতালিয়ান কাপ জিতেছেন।

বিশ্বকাপের আগে শুরুর একাদশ নিয়ে দোটানায় আর্জেন্টিনা

বিশ্বকাপে সুইডেনের কাছে হেরে বরখাস্ত তিউনিসিয়া কোচ

তাহলে এই কারণে বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পাচ্ছেন না ইয়ামাল

ভিএআর স্টুডিওর দিকে রেফারির বিতর্কিত ইশারা, বিশ্বকাপে নতুন ঝড়

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক: কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আর্জেন্টিনার শিরোপার স্মৃতিতে মিশে থাকা সেই রেফারির গল্প

আর্জেন্টিনার প্রথম ম্যাচ ঘিরে কানসাসে উৎসবের আমেজ

উয়েফা সভাপতিকে ধুয়ে দিয়েছে বিশ্বকাপের ১৩ দল

গোল করে ফুটবলারের ক্ষমা চাওয়ার ঘটনা ভাইরাল

কোচের বাজিতে গোলপোস্টে বাজিমাত