হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক: কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

ক্রীড়া ডেস্ক    

মরক্কোর বিপক্ষে হাইড্রেশন ব্রেকের পর ঘুরে দাঁড়িয়েছিল ব্রাজিল। বিশ্বকাপের এই নতুন নিয়ম নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। ছবি: সংগৃহীত

এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বিরতি ম্যাচের স্বাভাবিক গতি ও ফলাফলে প্রভাব ফেলছে।

সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের প্রধান কোচ মরিসিও পোচেত্তিনো এ ধরনের বিরতির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, আবহাওয়া খুব বেশি গরম না থাকলে খেলা থামানোর কোনো যৌক্তিকতা নেই। তিনি বলেন, ‘আমি এটি পছন্দ করি না। কেবল তখনই সমর্থন করি, যখন পরিস্থিতি চরম পর্যায়ের হয়। কিন্তু আবহাওয়া ভালো থাকলে এটি অপ্রয়োজনীয়।’

বিশ্বকাপের শুরুতেই কয়েকটি ম্যাচে দেখা গেছে, হাইড্রেশন বিরতির পর ম্যাচের চিত্র বদলে গেছে। মরক্কোর বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকা ব্রাজিল বিরতির পর ঘুরে দাঁড়ায়। খেলা পুনরায় শুরু হওয়ার ছয় মিনিটের মধ্যেই সমতায় ফেরে সেলেসাওরা। ম্যাচ শেষে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি স্বীকার করেন, হাইড্রেশন ব্রেক তাঁকে কৌশলগত পরিবর্তন আনার সুযোগ করে দিয়েছিল। ব্রাজিল কোচ বলেন, ‘আপনি খেলোয়াড়দের কোনো সমস্যার ব্যাখ্যা দিতে পারেন। কৌশলগত সমন্বয় করতে পারেন, যা খুবই কার্যকর হতে পারে।’

একই ধরনের ঘটনা দেখা গেছে কানাডার ম্যাচেও। বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে দ্বিতীয়ার্ধের হাইড্রেশন বিরতির পরপরই সমতায় ফেরে কানাডা। এ ছাড়া স্কটল্যান্ড ও অস্ট্রেলিয়াও বিরতির কিছুক্ষণ পর গুরুত্বপূর্ণ গোল পেয়েছে।

তবে সবাই এই বিরতিকে ইতিবাচকভাবে দেখছেন না। যুক্তরাষ্ট্র নারী দলের কোচ এমা হেইসের মতে, এগিয়ে থাকা দলের জন্য এটি ক্ষতিকর হতে পারে। তিনি বলেন, ‘এটি পিছিয়ে থাকা দলের জন্য সুবিধাজনক। তাই আমি একে ‘মোমেন্টাম ব্রেক’ বলি। আপনি যখন ম্যাচের নিয়ন্ত্রণে থাকবেন, তখন এটি চাইবেন না। যখন পিছিয়ে থাকবেন, তখন চাইবেন। অনেক সময় এটি কোচিং নয়, বরং খেলোয়াড়দের শান্ত করা বা ছন্দ বদলানোর বিষয়। কিন্তু সেটিও এক ধরনের প্রভাব ফেলতে পারে।’

২০১০ বিশ্বকাপজয়ী স্প্যানিশ মিডফিল্ডার হুয়ান মাতাও খেলোয়াড় হিসেবে এমন বিরতির পক্ষপাতী নন। তিনি বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি মনে করি না এটি খুব ভালো কিছু। আপনি যদি পিছিয়ে থাকেন, তাহলে গোল করতে চাইবেন। এগিয়ে থাকলে বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে চাইবেন। আমার মনে হয় এটি ম্যাচের ছন্দ ভেঙে দেয়।’

কিছু ম্যাচে আবার বিরতির পর উল্টো ক্ষতিগ্রস্ত হয়েছে আগে ভালো খেলতে থাকা দলগুলো। জার্মানির বিপক্ষে প্রথমার্ধে সমতায় ফেরার পর হাইড্রেশন বিরতির পরে আর ছন্দ ধরে রাখতে পারেনি বিশ্বকাপে অভিষেক হওয়া কুরাসাও। শেষ পর্যন্ত ৭-১ গোলের বড় ব্যবধানে হেরেছে দলটি। একইভাবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথমার্ধে আধিপত্য দেখিয়েও শেষ পর্যন্ত ম্যাচ হারতে হয়েছে চেক প্রজাতন্ত্রকে।

হাইড্রেশন বিরতির আরেকটি বিতর্কিত দিক হলো সম্প্রচার বাণিজ্য। সাবেক ইংল্যান্ড ও আর্সেনাল তারকা ইয়ান রাইট মনে করেন, বিশ্বকাপে এটি বিজ্ঞাপনের জন্য অতিরিক্ত সুযোগ তৈরি করছে। রাইট বলেন, ‘আমার মনে হয় এটি আমেরিকান দৃষ্টিকোণ থেকে বিজ্ঞাপন ঢোকানোর আরেকটি উপায়। তারা বলছে এটি খেলোয়াড়দের জন্য, কিন্তু আমার কাছে বিষয়টি তেমন মনে হয় না।’

সমালোচনার বিপরীতে অনেকেই খেলোয়াড়দের স্বার্থে এই বিরতিকে সমর্থন করছেন। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের মতে, খেলোয়াড়দের সুস্থতা নিশ্চিত করতে এমন বিরতি প্রয়োজন। তিনি বলেন, ‘আমি সব সময় আমার খেলোয়াড়দের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন। আমার মনে হয় এটি সঠিক পদক্ষেপ। একটু বিরতি, সতেজ হওয়া এবং এরপর আবার খেলা শুরু করা।’

বিশ্বকাপে সুইডেনের কাছে হেরে বরখাস্ত তিউনিসিয়া কোচ

তাহলে এই কারণে বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পাচ্ছেন না ইয়ামাল

ভিএআর স্টুডিওর দিকে রেফারির বিতর্কিত ইশারা, বিশ্বকাপে নতুন ঝড়

আর্জেন্টিনার শিরোপার স্মৃতিতে মিশে থাকা সেই রেফারির গল্প

আর্জেন্টিনার প্রথম ম্যাচ ঘিরে কানসাসে উৎসবের আমেজ

উয়েফা সভাপতিকে ধুয়ে দিয়েছে বিশ্বকাপের ১৩ দল

গোল করে ফুটবলারের ক্ষমা চাওয়ার ঘটনা ভাইরাল

কোচের বাজিতে গোলপোস্টে বাজিমাত

অচেনা কেপ ভার্দে কি চমকে দেবে স্পেনকে

জার্মানির ‘সেভেন আপ’ মনে করাল আর্জেন্টিনার ম্যাচকেও