প্রবাসী ফুটবলারদের আগমনে দেশের ফুটবলে ফিরে এসেছে উন্মাদনা। হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলাম, শমিত শোমদের ম্যাচ দেখতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভক্ত-সমর্থকদের ভিড় লেগে যায়। গোল করলে দর্শকদের চিৎকারে কেঁপে ওঠে গ্যালারি। জামাল ভূঁইয়ার মতে সতীর্থদের মধ্যে দারুণ বোঝাপড়াই দেশের ফুটবল এগিয়ে যেতে সহায়তা করছে।
মাঠে যেমন হামজা-জামাল জুটি জমে উঠেছে, মাঠের বাইরেও তাঁদের রসায়নটা দারুণ। কোনো সমস্যায় পড়লে হামজা যেমন জামালকে টেক্সট করেন, জামালও নির্দ্বিধায় হামজার সঙ্গে যোগাযোগ করেন। জামাল নিজেও প্রবাসী ফুটবলার ও অনেক দিন ধরে খেলছেন। এ ছাড়া শেখ মোরসালিন, মিতুল মারমা, সুমন রেজার মতো দেশীদের সঙ্গে অনুশীলনেও জামালের সম্পর্কটা দারুণ।
আজ অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জামাল। প্রবাসী-দেশি ফুটবলারদের বন্ডিং নিয়ে জিজ্ঞেস করা হলে উত্তরে বাংলাদেশের অভিজ্ঞ এই মিডফিল্ডার বলেন, ‘এখন তো প্রায় এক বছর হয়ে গেছে। রসায়নটা ভালো। সবার সঙ্গে ভালো বন্ডিং আছে। অবশ্যই আমরা যারা ‘বিদেশি’ বলি, আমাদের সবার মধ্যে একই গল্প, একই রকম ঠাট্টা চলে।মানে যেটা আমি বললাম, সবাই তো এক দল। তাই বিদেশি বা বাংলাদেশির মধ্যে কোনো পার্থক্য নেই।’
ঈদের ছুটি শেষে মাঠে নামতে হবে জামাল-হামজাদের। ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচটি হবে ভিয়েতনামের মাঠে। এক সপ্তাহের মধ্যে আরেক অ্যাওয়ে ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৩১ মার্চ সিঙ্গাপুর-ম্যাচ পরে হলেও জামালদের ধ্যান-জ্ঞান এই ম্যাচ নিয়েই। অনুশীলন শেষে ৩৫ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন,‘আমরা শুরু করছি চার মাস পর। হামজা জয়েন করবে দুই দিন পর। তারপরে পূর্ণ সদস্যের দল থাকবে। আর আসলে আমরা সিঙ্গাপুরের সঙ্গে কীভাবে খেলব, সেই প্রস্তুতি নিচ্ছি। আমাদের একটা লম্বা সেশন হবে। কোচ আমাকে বলেছেন আড়াই ঘণ্টার সেশন হবে। যেহেতু গতকাল অনুশীলন হয়নি। আমরা তাই একটু বেশি ব্যস্ত।’
বৃষ্টির কারণে গতকাল বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন হয়নি। আজ তাই অনুশীলনে ব্যস্ত সময় যাচ্ছে জামালদের। আর ১১ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে ‘সি’ গ্রুপের শীর্ষে সিঙ্গাপুর। দুই, তিন ও চারে থাকা হংকং, বাংলাদেশ ও ভারতের পয়েন্ট ৮, ৪ ও ৫। প্রত্যেকেই পাঁচটি করে ম্যাচ খেলেছে। যেখানে গত বছরের নভেম্বরে জাতীয় স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সিঙ্গাপুরকে হারাতে পারলে পয়েন্ট টেবিলের দুইয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।