হোম > খেলা > ফুটবল

রিয়ালের বিরল রেকর্ডে এবার ভাগ বসাতে চায় পিএসজি

ক্রীড়া ডেস্ক    

লিভারপুলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পিএসজি। ছবি: সংগৃহীত

১৫ শিরোপা জিতে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের ধারেকাছে কেউ নেই। গল্পটা এখানেই শেষ নয়। ইউরোপিয়ান কাপ বদলে চ্যাম্পিয়নস লিগ হওয়ার পর একমাত্র দল হিসেবে শিরোপা ধরে রাখার কীর্তি কেবল তাদেরই। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে এবার রিয়ালের রেকর্ডে ভাগ বসানোর সম্ভাবনা জোরালো হয়েছে।

গত বছরের ৩১ মে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে পিএসজি। লুইস এনরিকের অধীনে প্রথম ইউরোপ শ্রেষ্ঠত্বের ট্রফি জেতা প্যারিসিয়ানদের সামনে এখন শিরোপা ধরে রাখার সুযোগ তৈরি হয়েছে। পার্ক দে প্রিন্সেসে ৮ এপ্রিল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিভারপুলকে ২-০ গোলে হারিয়ে সেমিতে এক পা দিয়ে রাখে পিএসজি। অ্যানফিল্ডে গতকাল দ্বিতীয় লেগে লিভারপুল কোনো জাদুকরী কিছু করে কি না, সেটাই ছিল দেখার। কিন্তু এই লেগেও প্যারিসিয়ানরা জেতে ২-০ গোলে।

দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে জিতে সেমিফাইনালের টিকিট কেটেছে পিএসজি। শিরোপা জিততে কেবল দুই ধাপ দূরে এনরিকের দল। তাতেই প্যারিসিয়ানরা ছুঁয়ে ফেলবে রিয়াল মাদ্রিদকে। ১৯৯২ সালে ইউরোপিয়ান কাপ বদলে চ্যাম্পিয়নস লিগ হওয়ার পর ২০১৬ থেকে ২০১৮—হ্যাটট্রিক শিরোপা জিতেছে লস ব্লাঙ্কোসরা। লিভারপুলের বিপক্ষে দ্বিতীয় লেগ জয়ের পর সংবাদ সম্মেলনে কোচ এনরিকে বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ ধরে রাখা কঠিন। আমরা সেটা জানি। আমরা এখানে এসেছি এবং এই সুযোগগুলো কাজে লাগাতে হবে।’

দ্বিতীয় লেগে গতকাল ৭০ মিনিট পর্যন্ত কোনো গোল আসেনি। এরই মধ্যে লিভারপুল চার-চারটি পরিবর্তন করে ফেলে। ৩২ মিনিটে হুগো একিতিকের পরিবর্তে নামানো হয় মোহাম্মদ সালাহকে। দ্বিতীয়ার্ধে কোচ আর্নে স্লট নামিয়েছেন জো গোমেজ, কোডি গাকপো ও রিও নুমোহাকে। যেখানে গোমেজকে ৪৭ মিনিটে জেরেমি ফ্রিমপংয়ের বদলি হিসেবে নামানো হয়। আর গোমেজের পরিবর্তে ৬৮ মিনিটে নামেন নুমোহাকে।

চার পরিবর্তন করেও অবশ্য কাজের কাজ কিছু করতে পারেনি লিভারপুল। বরং শেষ মুহূর্তে ম্যাজিক দেখিয়েছে পিএসজি। ৭২ মিনিটে প্রথম গোল করেন উসমান দেম্বেলে। ফরাসি এই ফরোয়ার্ড এরপর অতিরিক্ত সময়ে (৯০ মিনিটের পর ১ মিনিটে) করেন দ্বিতীয় গোল। লিভারপুলকে হটিয়ে সেমিফাইনালের টিকিট কাটার পর পিএসজি কোচ এনরিকে বলেন, ‘প্রতিপক্ষ যে-ই হোক না কেন, দলের এমন খেলা দেখে সত্যিই অনেক খুশি। আপনি দেখতে পাচ্ছেন আমরা কী ধরনের দল এবং দলে কী ধরনের খেলোয়াড় আছে। আমাদের আত্মবিশ্বাস রয়েছে।’

ইউরোপিয়ান কাপসহ হিসেব করলে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে শিরোপা ধরে রাখার কীর্তি শুধু রিয়াল মাদ্রিদেরই যে রয়েছে তা নয়। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম পাঁচবার টানা (১৯৫৬ থেকে ১৯৬০ পর্যন্ত) চ্যাম্পিয়ন হয় রিয়াল। এরপর ১৯৭১ থেকে ১৯৭৩ সালে এই টুর্নামেন্টে হ্যাটট্রিক শিরোপা জেতে আয়াক্স। বায়ার্ন মিউনিখ হ্যাটট্রিক করেছে ১৯৭৪ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে। আর ১৯৬৪ চ্যাম্পিয়নস লিগ জয়ী ইন্টার মিলান (তৎকালীন ইউরোপিয়ান কাপ) শিরোপা ধরে রেখেছে ১৯৬৫ সালে।

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পিএসজির প্রতিপক্ষ হবে আজ রাতে দ্বিতীয় লেগের রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ ম্যাচজয়ী দল। বাংলাদেশ সময় রাত ১টায় আলিয়াঞ্জ অ্যারেনায় মুখোমুখি হবে বায়ার্ন-রিয়াল। বায়ার্ন এরই মধ্যে ২-১ গোলে এগিয়ে রয়েছে। অপর ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল খেলবে স্পোর্তিং সিপির বিপক্ষে। ১-০ গোলে এগিয়ে থেকে আর্সেনাল শুরু করবে দ্বিতীয় লেগ।

আর্জেন্টিনার প্রথম ম্যাচ ঘিরে কানসাসে উৎসবের আমেজ

উয়েফা সভাপতিকে ধুয়ে দিয়েছে বিশ্বকাপের ১৩ দল

গোল করে ফুটবলারের ক্ষমা চাওয়ার ঘটনা ভাইরাল

কোচের বাজিতে গোলপোস্টে বাজিমাত

অচেনা কেপ ভার্দে কি চমকে দেবে স্পেনকে

জার্মানির ‘সেভেন আপ’ মনে করাল আর্জেন্টিনার ম্যাচকেও

আট বছর পর বিশ্বকাপে ফিরেই সুইডেনের ৫ গোল

‘শুধু ইরান নয়, আরও অনেকেই এমন ঘটনার শিকার হয়েছে’

আশপাশে কী হচ্ছে, তা নিয়ে চিন্তিত নয় ইরান

৯০ মিনিটের গোলে জিতল আইভরি কোস্ট