হোম > খেলা > ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

২০২১ সালের এপ্রিলের পর আর দেশের জার্সিতে দেখা যায়নি রুবেলকে। ছবি: সংগৃহীত

লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন রুবেল হোসেন। এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন এই পেসার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় রুবেল নিজেই অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যেতে চান তিনি।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া বার্তায় রুবেল লিখেছেন, ‘আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮টি টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম। তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস। অনেক ভালোবাসা সবার প্রতি।’

এক বছরের বেশি সময় ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে আছেন রুবেল। সবশেষ ২০২৫ সালের জানুয়ারিতে বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে ম্যাচ খেলেছেন। ২০২৪ সালের এপ্রিলের পর আর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) দেখা যায়নি তাঁকে। জাতীয় দলের হয়ে রুবেল শেষ ম্যাচ খেলেছেন ২০২১ সালের ১ এপ্রিল নিউজিল্যান্ড সফরে। ৫ বছরের বেশি সময় জাতীয় দলের বাইরে থাকার পর এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে ২০০৯ সালের ১৪ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন রুবেল। সে বছরের জুন এবং জুলাইয়ে টি-টোয়েন্টি ও টেস্ট অভিষেক হয় তাঁর। জাতীয় দলের হয়ে ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টি খেলেছেন। তিন সংস্করণে রুবেলের শিকার ১৯৩ উইকেট। বাংলাদেশের বেশ কিছু স্মরণীয় জয়ের নায়ক তিনি। এর মধ্যে ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ অন্যতম। সে ম্যাচে শেষ দিকে ইংলিশদের ২ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে নেন রুবেল।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের