হোম > খেলা > ক্রিকেট

শান্তর আরেকটি ‘চুমুময়’ সেঞ্চুরি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইনিংসের তখন মাত্র দ্বিতীয় ওভারের প্রথম বল। ওপেনার জাকির হাসান আউট হলে উইকেটে আসেন নাজমুল হোসেন শান্ত। শুরুর ধাক্কাটা বাংলাদেশকে বুঝতেই দেননি শান্ত। পাল্টা আক্রমণে আফগানিস্তানের বোলিং লাইনআপ এলোমেলো করে তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। 

সেঞ্চুরি থেকে এক রান দূরে থাকতে বাঁহাতি স্পিনার আমির হামজার বলে দারুণ একটি সিংগেল বের করেন শান্ত। তাতেই পূর্ণ হয় তাঁর টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। হেলমেট খুলে উদ্‌যাপনে আকাশ ছুঁতে চাইলেন। চাইবেন না-ই-বা কেন! এই সাফল্যগুলো তো রানের জন্য শান্তর সংগ্রামের দিনগুলো মনে করিয়ে দেয়। আকাশে উড়তে চাওয়ার পরিচিত আরেকটি উদ্‌যাপনও করেছেন শান্ত। ব্যাটের ওপর উড়ন্ত চুমু আঁকলেন। ঠিক যেমনটা চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর করেছিলেন। চেমসফোর্ড থেকে মিরপুর—শান্তর আরেকটি চুমুময় সেঞ্চুরির সাক্ষী হলেন বাংলাদেশের দর্শক। 

গত কিছুদিনে দুর্দান্ত ছন্দে থাকলেও টেস্টে সেঞ্চুরির খরা কাটাল শান্তর। হারারেতে তাঁর সর্বশেষ সেঞ্চুরি ২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি শান্ত পূর্ণ করেছেন ১১৮ বলে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কোনো বাংলাদেশি ব্যাটারের টেস্টে এটা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। শান্তর চেয়ে কম বলে মিরপুরে সেঞ্চুরির কৃতিত্ব আছে তামিম ইকবালের। ভারতের বিপক্ষে ১০১ বলে সেঞ্চুরি করেছিলেন এই বাঁহাতি ওপেনার। 

এই প্রতিবেদন লেখার সময় শান্ত অপরাজিত আছেন ১১০ রানে। ২০ চারে নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি। তাঁর সঙ্গী মাহমুদুল হাসান জয় আউট হয়েছেন ৭৬ রানে। ২ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ২১৮। শান্ত যদি আজ সারা দিন খেলতে পারেন, ডাবল সেঞ্চুরি তাঁর পক্ষে কিন্তু অসম্ভব নয়।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের