হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানকে ধবলধোলাই করে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল-মুশফিক

ক্রীড়া ডেস্ক    

আইসিসির মাসসেরার মনোনয়ন পেয়েছেন দুই বাংলাদেশি তাইজুল ইসলাম ও মুশফিকুর রহিম। ছবি: আইসিসি

২০২৬ সাল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য কাটছে স্বপ্নের মতো। দুই ওয়ানডে সিরিজ জয়ের পর জিতেছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজও। যে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় এক সময় বাংলাদেশের কাছে ছিল কঠিন এক কাজ, তাদেরকে গত মাসে দুইবারের মতো ধবলধোলাই করেছে বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্সের পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) মাসসেরার তালিকায় জায়গা করে নিয়েছেন দুই বাংলাদেশি।

আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে মে মাসের মনোনয়নপ্রাপ্ত তিন ক্রিকেটারের নাম প্রকাশ করেছেন। সেখানে আছেন দুই বাংলাদেশি তাইজুল ইসলাম ও মুশফিকুর রহিম। তাঁদের প্রতিদ্বন্দ্বী নেপালের দীপেন্দ্র সিং ঐরি। গত মাসে পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ে তাইজুল-মুশফিক অসামান্য অবদান রেখেছেন।

তাইজুল-মুশফিক মে মাসে শুধু পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছেন। সেই সিরিজে সর্বোচ্চ ১৩ উইকেট নেন তাইজুল। যার মধ্যে সিলেটে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১২০ রানে ৬ উইকেট নিয়ে পাকিস্তানের ইনিংসের ইতি টানেন তিনি। সেই সিরিজে সর্বোচ্চ ২৫৩ রান করে সিরিজসেরার পুরস্কার জেতেন মুশফিক। পাকিস্তান সিরিজে তাঁর গড় ছিল ৬৩.২৫। সিলেটে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৩৭ রান করে বাংলাদেশের ইতিহাসে টেস্টে সর্বোচ্চ ১৪ সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি।

নেপালের দীপেন্দ্র গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে ৭ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। যাঁর মধ্যে রয়েছে ৬ ওয়ানডে ও এক টি-টোয়েন্টি। ওয়ানডে বিশ্বকাপ লিগ–টু ম্যাচগুলোতে দুর্দান্ত খেলেছেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি সেঞ্চুরিসহ মে মাসে ৬ ওয়ানডেতে ৪৯.৮০ গড় ও ১১০.৬৬ স্ট্রাইকরেটে করেন ২৪৯ রান। বোলিংয়ে নেন ৮ উইকেট।

মিরপুরে গতকাল প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়েছে বাংলাদেশ। মিরাজের দলের সামনে এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। আগামীকাল মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ১৪ জুন হবে তৃতীয় ওয়ানডে। এরপর দুই দল চলে যাবে চট্টগ্রামে। ১৭, ১৯ ও ২১ জুন সিরিজের তিন টি-টোয়েন্টি হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের