হোম > খেলা > ক্রিকেট

মৃত্যুর সঙ্গে লড়তে থাকা আফগান ক্রিকেটারের জন্য মন কাঁদছে আফ্রিদির

ক্রীড়া ডেস্ক    

শাপুর জাদরানের জন্য চিন্তিত শহীদ আফ্রিদি। ছবি: ফেসবুক

আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান এখন জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন। গুরুতর অসুস্থতার কারণে ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার এখন হাসপাতালে ভর্তি। মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। তাঁর অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে ক্রিকেট বিশ্বে।

আফগানিস্তানের পাশাপাশি প্রতিবেশী দেশের ক্রিকেটার ও ভক্তরাও প্রার্থনা করেছেন জাদরানের জন্য। আজ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শহীদ আফ্রিদি লিখেছেন, ‘আজ শাপুর জাদরানের ভাইয়ের সঙ্গে হৃদয়স্পর্শী এক কথা হয়েছে। তার অবস্থার কথা শুনে সত্যিই খুব মর্মাহত। তুমি মাঠে সব সময় একজন লড়াকু ছিলে। আমি জানি তুমি এর বিরুদ্ধেও লড়বে। তোমার দ্রুত আরোগ্য কামনা করছি। পুরো পাকিস্তান এবং আমি তোমার পাশে আছি।’

যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি, সংঘাত আর সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও আফগানিস্তান ক্রিকেটকে বিশ্বমঞ্চে পরিচিত করতে শাপুর জাদরানের বড় অবদান রয়েছে। মাঠে তাঁর লড়াকু মানসিকতা আর দৃঢ়তা বরাবরই প্রশংসিত হয়েছে। তবে এবার মাঠের বাইরে জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ে নেমেছেন তিনি।

পরিবার ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, শাপুর কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ১২ জানুয়ারি তাঁর ভাই ঘামাই জাদরান সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শাপুরের অবস্থা আশঙ্কাজনক এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আফগান ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, তাঁর শরীরে শ্বেত রক্তকণিকার মাত্রা অনেক নিচে নেমে গেছে। তাতে পরিস্থিতি আরও জটিল হয়েছে। তবে ঠিক কী ধরনের অসুখে তিনি ভুগছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শাপুর জাদরানের। প্রায় এক দশকের ক্যারিয়ারে তিনি আফগানিস্তানের হয়ে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর মধ্যে রয়েছে ৪৪টি ওয়ানডে ও ৩৬ টি-টোয়েন্টি। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তাঁর উইকেট ৪৩ ও ৩৭।

শাপুরের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত আসে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে। স্কটল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের প্রথম বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সেই ম্যাচে ১০ ওভারে ৩৮ রানে ৪ উইকেট নিয়েছেন। ব্যাটিংয়ে ১০ বলে ১২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ২০২৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এই অভিজ্ঞ পেসার।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের