হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানকে হারিয়ে সুখবর পেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ। ছবি: বিসিবি

পাকিস্তানের বিপক্ষে জয়ের পর প্রশংসায় ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল। দাপুটে জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। শান্ত-মুমিনুল হক-মুশফিকুর রহিমদের দল এবার সুখবর পেল টেস্ট চ্যাম্পিয়নশিপেও।

মিরপুরে প্রথম টেস্ট শুরুর আগে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এগিয়ে ছিল পাকিস্তান। বাংলাদেশ ছিল পিছিয়ে। আজ মিরপুরে ১০৪ রানে জয়ের পর দুই ধাপ এগিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে উঠে এল বাংলাদেশ। শান্তর দলের সফলতার হার ৪৪.৪৪ শতাংশ। এই চক্রে বাংলাদেশ ৩ টেস্ট খেলে একটি করে ম্যাচ জিতেছে, হেরেছে ও ড্র করেছে।

বাংলাদেশের উল্টো অবস্থা হয়েছে পাকিস্তানের। দুই ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে গেছে পাকিস্তান। তাদের সফলতার হার ৩৩.৩৩ শতাংশ। বাংলাদেশ মূলত অবস্থান করছে ভারত ও পাকিস্তানের মাঝে। পাঁচে থাকা ভারতের সফলতার হার ৪৮.১৫ শতাংশ। ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে দ্বিতীয় সর্বোচ্চ ৯ টেস্ট খেলেছে এশিয়ার এই দল।

২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশেরও পেছনে পাকিস্তান। ছবি: ক্রিকইনফো

বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সর্বোচ্চ ১০ ম্যাচ খেলা ইংল্যান্ডের অবস্থান বাংলাদেশেরও পেছনে। ৩১.৬৭ শতাংশ সফলতার হার নিয়ে আট নম্বরে ইংলিশরা। সবার নিচে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। এবারের চক্রে তারা একটা ম্যাচও জিততে পারেনি।

পাকিস্তান বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ৩ ম্যাচ খেলে দুটিতে হেরেছে ও জিতেছে এক ম্যাচ। গত বছরের অক্টোবরে পাকিস্তান নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ শেষ করেছিল ১-১ সমতায়। সবশেষ ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের চ্যাম্পিয়ন প্রোটিয়ারা এবার অবস্থান করছে পয়েন্ট তালিকার তিন নম্বরে। বর্তমান চক্রে এক ও দুইয়ে রয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

মিরপুরে আজ জিতে বাংলাদেশ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন সংস্করণেই জয়ের কীর্তি গড়েছে। যদি দ্বিতীয় টেস্ট জেতে, তাহলে পাকিস্তানকে টানা দুইবার টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। ১৬ মে সিলেটে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এর আগে ২০২৪ সালে পাকিস্তানকে তাদের মাঠে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। সবশেষ চক্রে (২০২৩-২৫) ৯ দলের মধ্যে ৯ নম্বরে থেকে শেষ করেছিল পাকিস্তান। বাংলাদেশের অবস্থান ছিল সাত নম্বরে।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের