হোম > খেলা > ক্রিকেট

কোনো ম্যাচ না জিতেই বিশ্বকাপে খেলতে নামছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচই হারল বাংলাদেশ। লাফবোরোতে শনিবার নিউজিল্যান্ডের কাছে নিগার সুলতানা জ্যোতির দল হেরেছিল ৬৮ রানে। একই মাঠে আজ মূলপর্বে নামার আগে জয়ের কাছাকাছি গিয়েছিল বাংলাদেশ। আইরিশদের কাছে শেষ পর্যন্ত হেরেই গেল জ্যোতির দল।

নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড—প্রস্তুতি ম্যাচে দুই দলের বিপক্ষেই রান তাড়া করতে গিয়ে হেরেছে বাংলাদেশ। লাফবোরোতে আজ জ্যোতির দলকে ১১ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে দেখার যে সুযোগ ছিল, তাও কাজে লাগাতে পারল না বাংলাদেশ। ১৪ জুন বার্মিংহামে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবেন জ্যোতিরা।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় বলে দিলারা আক্তারকে বোল্ড করেন আয়ারল্যান্ডের বাঁহাতি স্পিনার অ্যামি ম্যাগুয়ার। দ্বিতীয় উইকেটে জুয়াইরিয়া ফেরদৌস ও শারমিন আক্তার সুপ্তা গড়েন ৭৭ রানের জুটি। ১৩তম ওভারের প্রথম বলে ফেরদৌসকে (৫০) বোল্ড করে জুটি ভাঙেন লারা ম্যাকব্রাইড।

ফেরদৌসের বিদায়ে ১২.১ ওভারে ২ উইকেটে ৭৭ রানে পরিণত হওয়া বাংলাদেশের খেই হারানো শুরু এখান থেকেই। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেটে ১৩২ রানে আটকে যায়। আয়ারল্যান্ডের ম্যাগুয়ার ৪ ওভারে ২০ রানে নিয়েছেন ৪ উইকেট।

এর আগে লাফবোরোতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। আয়ারল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে করে ১৪৩ রান। ইনিংস সর্বোচ্চ ৩০ রান করেন মিডল অর্ডার ব্যাটার রেবেকা স্টোকেল। বাংলাদেশের বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা ৪ ওভারে ১৮ রানে নিয়েছেন ৩ উইকেট। ২ উইকেট পেয়েছেন মারুফা আক্তার। একটি করে রিতু মনি, নাহিদা আক্তার, সোবহানা মোস্তারি ও রাবেয়া খান।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে ১২ দল। এক নম্বর গ্রুপে বাংলাদেশ-ভারত-পাকিস্তানের পাশাপাশি গ্রুপের অপর তিন দল হচ্ছে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা।দ্বিতীয় গ্রুপে পড়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের