বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার বিচারকাজ শুরু হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ সোমবার রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে এই বিচারকাজ শুরু হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সূচনা বক্তব্য দেন। এরপর এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য ২৪ জুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। গত ১০ মে এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
মামলার ২৮ আসামির মধ্যে জাহাঙ্গীর কবির নানক, ফজলে নূর তাপসসহ ২৪ জন পলাতক। গ্রেপ্তার রয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।
১৮ জানুয়ারি ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এ মামলায় আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশন তিনটি অভিযোগ এনেছে।
অন্য আসামিদের মধ্যে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।