হোম > জাতীয়

আজকে আমার জন্য একটি ইমোশনাল দিন: ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকার কড়াইল বস্তি এলাকায় ফ্যামিলি কার্ড দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার ঢাকার কড়াইল বস্তি এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড তুলে দিতে সক্ষম হয়েছি। আগামী এক মাসের মধ্যে কৃষক কার্ডও তুলে দেওয়া হবে। আজকে আমার জন্য একটি ইমোশনাল দিন।’

প্রধানমন্ত্রী তারেক রহমান একটি উদ্বোধনী বোতাম চেপে ৩৭ হাজার ৫৬৭ জনের কাছে ফ্যামিলি কার্ডের টাকা পৌঁছে দেন। প্রতিজনের অ্যাকাউন্টে আড়াই হাজার টাকা করে পৌঁছে দেওয়া হয়।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া যখন সরকারের দায়িত্ব নিয়েছিলেন, তখন তিনি উচ্চমাধ্যমিক পর্যন্ত নারীদের শিক্ষাকে বিনা মূল্যে করেছিলেন। সেই শিক্ষিত নারীসমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেই এখন ফ্যামিলি কার্ডের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। কড়াইল, সাততলা ও ভাষানটেক এলাকার ১৫ হাজার নারীকে কার্ডের আওতায় আনা হয়েছে। আগামী চার বছরের মধ্যে বাংলাদেশের চার কোটি মানুষকে অন্তর্ভুক্ত করতে চাই।’

তারেক রহমান আরও বলেন, ‘এই দেশ আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় কোনো কোনো প্রতিশ্রুতি বাস্তবায়নে হয়তো কিছুটা সময় লাগতে পারে। সে জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে।’

ঢাকার কড়াইল বস্তি এলাকায় ফ্যামিলি কার্ড দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

আজ সকাল ১০টা ৩০ মিনিটে মহাখালী টিঅ্যান্ডটি মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। 

বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিনসহ বেশ কয়েকজন।

স্থানীয় বাসিন্দা বেগম পারভিন, বেগম সমলা, বকুলা বেগম, বেগম জ্যোৎস্না, তসলিমা আখতার, বেগম রাশেদা আখতার, বেগম হোসনা আখতার, রিনা বেগম, বেগম শামসুন্নাহার, রোখসানা আখতার, মোসাম্মাৎ মাহফুজা, বেগম লিনা আখতার, মোসাম্মাৎ সুমি খাতুন, আকলিমা বেগম, মিনারা বেগমকে প্রতীকী ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। 

ঢাকার কড়াইল বস্তি এলাকায় ফ্যামিলি কার্ড দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন বলেন, ‘এই ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘদিনের স্বপ্ন। এটা নিয়ে যেন কোনো ধরনের বিতর্ক সৃষ্টি না হয়। দলমত-নির্বিশেষে সবাই এই কার্ড পাবেন, কিন্তু সবাই টাকা পাবেন না। টাকা পাবেন কেবল হতদরিদ্র। বাকি যাঁরা টাকা পেলেন না, তাঁরা তাঁদের জন্য বরাদ্দকৃত টাকা দরিদ্র জনগোষ্ঠীর জন্য ডোনেট করলেন।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জোবাইদা রহমান, ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন

স্ত্রীসহ লে. কর্নেল আসাদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিমান চলাচল খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে জোর সিভিল এভিয়েশনের সেমিনারে

কঙ্কাল বিক্রি চক্রের চার সদস্য কারাগারে

সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব

বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

স্ত্রীসহ ঢাকা ওয়াসার সাবেক এমডি সালাম ব্যাপারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রবাসীদের সহায়তায় নিয়ন্ত্রণ কক্ষ চালু করল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

জামিন করাতে ঘুষ চাওয়ার অভিযোগের অভ্যন্তরীণ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

যুদ্ধ পরিস্থিতিতে সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নে মন্ত্রিসভা কমিটি গঠন