হোম > জাতীয়

৮–৯ মে বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। ছবি: আজকের পত্রিকা

সাংবাদিকদের নেটওয়ার্কিং ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার সুযোগ করে দিতে আগামী ৮ ও ৯ মে ঢাকায় অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’। গণমাধ্যম বিষয়ক সংস্থা মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এই সম্মেলন আয়োজন করছে। সম্মেলনে ১০টির বেশি দেশের সাংবাদিকেরা অংশ নেবেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর হোটেল রেডিসনে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে ১২টি সেশন থাকবে। এতে ২০ জনের বেশি আলোচক অংশ নেবেন এবং অংশগ্রহণকারী সংখ্যা ৫০০ ছাড়াতে পারে। ইতিমধ্যে ১০টির বেশি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। বাংলাদেশ ছাড়াও এসব দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও পর্তুগাল।

হাসিবুর রহমান বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতান্ত্রিক অগ্রযাত্রায় গণমাধ্যমের ভূমিকা নতুনভাবে তুলে ধরার প্রয়োজনীয়তা রয়েছে। সে বিবেচনায় সম্মেলনটি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আগামী ৫ মে এমআরডিআইয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষেও এ আয়োজনের সময় নির্ধারণ করা হয়েছে।

ভবিষ্যতে প্রতি দুই বছর পরপর এ ধরনের সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

সম্মেলনে প্লেনারি ও থিমেটিক সেশন ছাড়াও মাস্টারক্লাস থাকবে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা অভিজ্ঞতা বিনিময় ও দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন। বিশেষভাবে গুরুত্ব পাবে অনুসন্ধানী সাংবাদিকতা। পাশাপাশি গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ, জবাবদিহি, অভিযোগ নিষ্পত্তি, স্বাধীন সংবাদমাধ্যমের অনুকূল পরিবেশ, ডিজিটাল নিউজরুমে রূপান্তর, ডেটার ব্যবহার, জেন্ডার সমতা, অন্তর্ভুক্তি, সাংবাদিকদের নিরাপত্তা এবং গণমাধ্যম–একাডেমিয়া–সুশীল সমাজের অংশীদারত্ব নিয়ে আলোচনা হবে।

সম্মেলনস্থলে চারটি হেল্পডেস্ক থাকবে—অনুসন্ধানী সাংবাদিকতা, তথ্য অধিকার, ফ্যাক্ট-চেকিং এবং মানসিক স্বাস্থ্য সহায়তা বিষয়ে।

১৭ এপ্রিল রাত ১২টা ১ মিনিট থেকে অনলাইনে নিবন্ধন শুরু হবে। ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে নিবন্ধন হলেও চূড়ান্তভাবে অংশগ্রহণকারী নির্বাচন করবে আয়োজকেরা।

দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পাশাপাশি শিক্ষক, গবেষক, ফ্যাক্ট-চেকার, উন্নয়ন সহযোগী, সুশীল সমাজের প্রতিনিধি এবং এমআরডিআইয়ের সাবেক অংশগ্রহণকারীরা আবেদন করতে পারবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে এমআরডিআইয়ের অনলাইন প্রাথমিক সাংবাদিকতা কোর্স সম্পন্ন করা বাধ্যতামূলক। সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের মধ্য থেকে সীমিতসংখ্যক শিক্ষার্থীকে বাছাই করা হবে।

ঢাকার বাইরে থেকে ১৫ জন সাংবাদিককে ফেলোশিপ দেওয়া হবে। আগ্রহীদের প্রতিবেদন–ধারণা (স্টোরি আইডিয়া) জমা দিতে হবে এবং যাচাইয়ের মাধ্যমে ফেলো নির্বাচন করা হবে। নির্বাচিতরা এমআরডিআইয়ের মেন্টরশিপ পাবেন। প্রয়োজন হলে প্রতিবেদন তৈরির ব্যয়ও বহন করবে সংস্থাটি। ফেলোরা অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক সেশন ও মাস্টারক্লাসে অগ্রাধিকার পাবেন।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ