হোম > জাতীয়

দেশে র‍্যাবের মতো সংগঠন থাকার প্রয়োজন আছে: র‍্যাব মহাপরিচালক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‍্যাবের ১২তম মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। ছবি: আজকের পত্রিকা

র‍্যাবকে আগে বাইরে থেকে এবং বর্তমানে প্রধান হিসেবে কীভাবে দেখছেন জানতে চাইলে সংস্থাটির ১২তম মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ বলেন, ‘আমি মনে করি, এ ধরনের একটি সংগঠন থাকার প্রয়োজন আছে। এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। র‍্যাব পুলিশেরই একটি সংগঠন। সুতরাং আলাদাভাবে আমি দেখছি না। র‍্যাবের প্রয়োজনের বিষয়েও দ্বিমত নেই। আমি বাইরে থেকে যা দেখেছি, এখানে এসে আরও বেশি সুসংগঠিত দেখছি।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, সংগঠনটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আমি চাই, পেশাদার, মানবিক ও প্রযুক্তি নির্ভর সংগঠন গড়ে উঠুক। অপরাধ প্রতিরোধে র‍্যাব দায়িত্বশীল ভূমিকা রাখবে।’‎

আজ ‎রোববার বেলা ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিব্যক্তি প্রকাশ করেন। সাম্প্রতিক সময়ে র‍্যাব ফোর্সেস কর্তৃক পরিচালিত বিভিন্ন আভিযানিক সাফল্য এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

র‍্যাবের ওপর মার্কিন স্যাংশন ও দেশি বিদেশি মানবাধিকার সংস্থার সমালোচনার বিষয়টিকে কীভাবে দেখছেন জানতে চাইলে মো. আহসান হাবীব পলাশ বলেন, বিষয়গুলো যদি পর্যালোচনা করে দেখেন, ‘র‍্যাব গঠনের পর থেকে এখন পর্যন্ত কোন কোন সময় কী কী অপরাধের কারণে এই ঘটনাগুলো ঘটল। তাহলে নিজেরাই বুঝতে পারবেন, কাজের ক্ষেত্রে হয়তো কিছুটা বিচ্যুতি, পদস্খলন ছিল। এসব ছিল বলেই এমন একটা বিষয় থাকতে পারে। আমরা সেই জায়গাটা যদি রিপেয়ার (পুনর্গঠন) করতে পারি, তাহলে আমার মনে হয় যেই স্যাংশনের বিষয়টি আছে, এগুলো থাকবে না। আমরা কাজ দিয়ে আসলে প্রমাণ করতে চাই। কিছুটা প্রমাণ আমরা গত দেড় বছরে দিয়েছি, যে আমরা ভালোভাবে থাকতে পারি, ভালো কাজ করতে পারি। আশা করি সমস্যা হবে না।’

‎আহসান হাবীব পলাশ আরও বলেন, ‘আমাদের মূল কাজটা হলো র‍্যাবকে জনগণের কাছে কাজের মাধ্যমে উপস্থাপন করা। কাজের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করা। র‍্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের কার্যক্রমগুলো যদি পর্যালোচনা করে দেখেন, র‍্যাবের অপকীর্তির ইতিহাস কিন্তু বেশি নেই। এতেই প্রমাণিত হয়, র‍্যাবকে যদি সঠিকভাবে পরিচালনা করা যায় তাহলে র‍্যাব সঠিকভাবে পরিচালিত হতে পারে।’

র‍্যাব মহাপরিচালক আরও বলেন, ‘আমি মনে করি, এ ব্যাপারে সরকার চেষ্টা করছেন ভালোভাবে পরিচালনার জন্য। বিশ্বাস করি র‍্যাব সঠিকভাবেই পরিচালিত হবে। এ ব্যাপারে সরকারের কাছ থেকেও সঠিক নির্দেশনা আমরা পেয়েছি।’

র‍্যাবকে একটা মানবিক ও পেশাদারি সংস্থা হিসেবে গড়ে তুলতে চান বলে জানান র‍্যাব ডিজি।

‎সরকার পতনের পর জলদস্যু ও বিচ্ছিন্নতাবাদী গ্রুপের তৎপরতার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এগুলো আমাদের দৃষ্টিগোচরে আছে। বিগত সময়ে নানা কারণে আমরা এটা নিয়ে কাজ করতে পারিনি। নির্বাচন ছিল আমাদের প্রায়োরিটির জায়গা। কিন্তু এখন আমাদের চিন্তাভাবনা আছে আমরা তথ্য সংগ্রহ করে ব্যবস্থা নেব।’

‎দেশে জঙ্গি তৎপরতার বিষয়ে মহাপরিচালক বলেন, ‘জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ বিষয়গুলো আছে কি নাই একবারে কথাগুলোর জবাব দিতে চাইব না। কিন্তু আমরা কাজ করছি। যেই বাদই থাকুক না কেন বা যদি কিছু থেকে থাকে আমরা সেগুলো নির্মূল করতে পারব।’ ‎

র‍্যাবের নাম পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে আহসান হাবীব পলাশ বলেন, ‘নাম পরিবর্তন, পুনর্গঠনের বিষয়গুলো সরকারের বিবেচনার বিষয়। সরকার যেভাবে বিষয়গুলো বিবেচনা করবে সেটাই হবে। সুতরাং আমাদের প্রসেসের ভেতরে থেকে বিষয়ে ভূমিকা রাখার প্রয়োজন আছে বলে মনে করি না।’

‎‎সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর র‍্যাবের ক্রসফায়ার মামলার তদন্তের বিষয় নিয়ে এসেছেন। এসব বিষয়ে র‍্যাব কতটুকু সহযোগিতা করবে জানতে চাইলে র‍্যাব মহাপরিচালক বলেন, ‘বিচার প্রক্রিয়ার সঙ্গে যেকোনো বিষয় আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা করব। আমাদের কাছে যেটুকু তথ্য আছে, যা আছে তার ভিত্তিতে সহযোগিতা করব। যা নেই বা দেওয়ার সামর্থ্য থাকবে না তা হয়তো দিতে পারব না।’

তিন মাসে ৩৩১ অস্ত্র উদ্ধার র‍্যাবের, গ্রেপ্তার ৩৪৭৩

সংসদে আবারও মাইক বিভ্রাট, হ্যান্ডমাইকে কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে মাইক বিভ্রাট: প্রকৃত কারণ জানতে সচিবকে নির্দেশ, দুই কারণ উল্লেখ স্পিকারের

মানবতাবিরোধী অপরাধে হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

স্পিকারের সহধর্মিণীর মাগফিরাত কামনায় সংসদ ভবনে দোয়া মাহফিল

মাইক বিভ্রাটে সংসদ অধিবেশন ৪০ মিনিট মুলতবি, ১ ঘণ্টা ১৮ মিনিট পর শুরু

সরকারি কর্মচারীদের আন্দোলন ঠেকাতে আইন পাস, ‘অসদাচরণে’ কঠোর শাস্তির বিধান

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

সব নৌযানকে ডিজিটাল রেজিস্ট্রেশন দেওয়া হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

গুমের অধ্যাদেশ বাতিল নিয়ে ব্যারিস্টার আরমানের ক্ষোভ