হোম > জাতীয়

নিজস্ব উদ্যোগে প্রথম দুটি এসি বাস তৈরি করল বিআরটিসি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিআরটিসির দুটি আধুনিক এসি বাস উদ্বোধন করা হয়। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস সাধারণত বিদেশ থেকে আমদানি করা হলেও এবার প্রথমবারের মতো নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় দুটি আধুনিক এসি বাস তৈরি করেছে। গাজীপুরের সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানায় নির্মিত এসব বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে আজ শনিবার। এ সময় প্রধান অতিথি হিসেবে বাস দুটির উদ্ধোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন।

বিআরটিসি সূত্র জানায়, নতুন নির্মিত বাসগুলো কোন রুটে চলবে, তা এখনো চূড়ান্ত হয়নি। বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর এগুলো সড়কে নামানো হবে। এসি বাসগুলোতে আসন আছে ৪০টি করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন বলেন, বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত এই দুটি এসি বাস কেবল নতুন যান সংযোজন নয়, বরং সংস্থাটির সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দেশের সড়ক ব্যবস্থাপনায় নানা ধরনের বিশৃঙ্খলা রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সামনে এগিয়ে যেতে হলে সক্ষমতা বাড়াতে হবে এবং শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে বিআরটিসিকেই নেতৃত্ব দিতে হবে। ভবিষ্যতে নিজেদের বহরের বাস সংযোজনের পাশাপাশি বাইরের যানবাহন সংযোজনের সক্ষমতাও অর্জন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, বিআরটিসির নিজস্ব কারখানায় এই দুটি এসি বাস নির্মাণ একটি সূচনামাত্র। সংস্থাটি সম্প্রসারণের বড় সুযোগ রয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় বিআরটিসি আরও এগিয়ে যাবে।

বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বলেন, বিআরটিসি কেবল একটি পরিবহন সংস্থা নয়, এটি একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় সেবাপ্রতিষ্ঠান। গণপরিবহন পরিচালনা ও ট্রাকের মাধ্যমে পণ্য পরিবহনের পাশাপাশি নিজস্ব প্রশিক্ষণ অবকাঠামো, কারিগরি প্রতিষ্ঠান ও ওয়ার্কশপের মাধ্যমে একটি সমন্বিত পরিবহন ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হয়েছে। আজকের এই বাস নির্মাণ কার্যক্রম সেই সক্ষমতারই বাস্তব উদাহরণ।

আব্দুল লতিফ মোল্লা আরও বলেন, বর্তমানে বিআরটিসির সদর দপ্তরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে সারা দেশের বাস ও ট্রাক রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি চলতি বছরের মধ্যেই কোরিয়া থেকে ৩৪০টি অত্যাধুনিক বাস আমদানির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ভবিষ্যতে নতুন ট্রাক ও কোস্টার বাস সংযোজনের পরিকল্পনাও রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সংস্থাপ্রধান ও প্রতিনিধিরা এবং বিআরটিসির পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ