হোম > জাতীয়

প্লট দুর্নীতি মামলা: হাসিনা-টিউলিপসহ ২২ জনের রায় কাল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

(বাঁ থেকে) শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক। ছবি: সংগৃহীত

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ২২ জনের মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করবেন।

দুর্নীতি দমন কমিশনের দুদক (পিপি) মো. হাফিজুর রহমান জানান, দুদকের করা এই দুই মামলার রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারিত রয়েছে।

তিনি আরও জানান, শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে দুটি প্লট বরাদ্দ অনিয়মের কারণে দুদকের দায়ের করা এই দুটি মামলার রায় ঘোষণা করা হবে।

এর আগে আজমিনা সিদ্দিকের নামে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয় গত ১৩ জানুয়ারি। এরপর রায়ের তারিখ ঘোষণা করা হয়।

অন্যদিকে রাদওয়ান মুজিব সিদ্দিকের প্লট বরাদ্দে দুর্নীতির মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয় গত ১৮ জানুয়ারি। এরপর রায়ের তারিখ ঘোষণা করা হয়।

দুই মামলায় যাঁরা আসামি:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যপ্রবাসী এবং যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক, শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, সচিব কাজী ওয়াছি উদ্দিন, সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সহকারী সচিব মোহাম্মদ অলি উল্লাহ, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম, সাবেক পরিচালক মো. কামরুল ইসলাম, সহকারী পরিচালক ফারিয়া সুলতানা, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, পরিচালক শেখ শাহিনুল ইসলাম।

প্রত্যেক মামলায় ১৮ জন আসামি। এর মধ্যে ১৪ জন দুটি মামলারই আসামি। প্রত্যেক মামলায় চারজন ভিন্ন ভিন্ন আসামি।

শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে ১০ কাঠা করে প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে এ দুটি মামলা দায়ের করে দুদক।

এর আগে গত ৩১ জুলাই একই আদালত প্লট বরাদ্দে দুর্নীতি সংক্রান্ত তিন মামলায় শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এর মধ্যে শেখ রেহানার প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ইতিমধ্যে রায় দেওয়া হয়েছে।

আজমিনা ও রাদওয়ানের মামলার অভিযোগপত্রে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করেন। তাঁরা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার ২টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে শেখ রেহানার মেয়ে আজমিনা ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে।

এর আগে গত বছর ২৬ ডিসেম্বর শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক।

অনুসন্ধানে দুদক জানতে পারে, পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর সড়কের আশপাশের এলাকায় শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং তাঁর ছেলে-মেয়ে রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের নামে প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়েছে।

গত ১২, ১৩ ও ১৪ জানুয়ারি দুর্নীতির দমন কমিশন দুদক এই মামলাগুলো দায়ের করে। গত ২৫ মার্চ ছয় মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। অভিযোগপত্রে শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরাসহ ২৮ জন আসামি।

ইতিমধ্যে চারটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। চারটি মামলার রায়ে শেখ হাসিনাকে ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মেট্রোরেলের এমডির নিয়োগ বাতিল

সামাজিক মাধ্যমে যুদ্ধসংক্রান্ত ছবি-ভিডিও শেয়ার না করার অনুরোধ

ত্রিশালে আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স হবে: সেনাপ্রধান

ফেব্রুয়ারিতেই হত্যার শিকার ৩২ নারী ও কন্যাশিশু

পোস্টাল ব্যালট সফলভাবে পৌঁছে দেওয়া ডাক বিভাগের সক্ষমতার প্রমাণ: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

ত্রিশালে হবে আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স: সেনাপ্রধান

অন্যায়ভাবে বাদ পড়লে নীতিমালার আওতায় অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে: তথ্যমন্ত্রী

২৩ কোটি টাকা আত্মসাৎ-পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র

মানবতাবিরোধী অপরাধে কামরুল ও মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন

ঈদে ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে কড়াকড়ি, থাকছে ২৫ শতাংশ আসনবিহীন টিকিট