হোম > জাতীয়

‘আগে খরচ, পরে অনুমোদন’ প্রক্রিয়া নিয়ে সংসদে প্রশ্ন বিরোধী দলের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

সম্পূরক বাজেটের মাধ্যমে অর্থবছরের শেষ সময়ে অতিরিক্ত ব্যয়ের অনুমোদন নেওয়ার প্রচলিত প্রক্রিয়া নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। তাঁরা বলেছেন, সরকার আগে খরচ করে পরে সংসদের অনুমোদন চাইছে, যার ফলে সংসদের কার্যকর ভূমিকা ও সার্বভৌমত্ব সীমিত হয়ে যাচ্ছে।

আজ সোমবার জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় এই প্রশ্ন ওঠে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সম্পূরক বাজেটের ২৫টি মঞ্জুরি দাবির ওপর ভোট গ্রহণ শুরু হয়। স্পিকার জানান, ২০ জন সংসদ সদস্য এসব দাবির বিপরীতে মোট ৩০৪টি ছাঁটাই প্রস্তাবের নোটিশ দিয়েছেন।

সম্পূরক বাজেটের আলোচনার শুরুতেই ঢাকা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন বলেন, খরচ করার পর অনুমোদন নেওয়ার এই প্র্যাকটিস বা চর্চা দেশের অর্থনীতি ও সার্বিক কল্যাণের স্বার্থে বন্ধ হওয়া দরকার।

পাবনা-১ আসনের জামায়াতের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান পরিকল্পনা বিভাগের মঞ্জুরি দাবির ওপর আলোচনায় একই কথা বলেন। সংবিধানের ৯১ অনুচ্ছেদের কথা উল্লেখ করে তিনি বলেন, অতিরিক্ত ব্যয়ের ক্ষেত্রে রাষ্ট্রপতির নামে সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে, যা পরে সম্পূরক বাজেট হিসেবে সংসদে আনা হয়। নাজিবুর বলেন, ‘তিনি খরচ করবেন, তারপরে এটা রাবার স্ট্যাম্পের মতো সম্পূরক বাজেট হিসেবে সংসদে পেশ করা হবে। আমাদের পাস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।’

সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন, ২০০৯-এর প্রসঙ্গ টেনে নাজিবুর রহমান আরও বলেন, ওই আইনে সংশোধিত বাজেট যথাসম্ভব প্রতি বছরের মার্চ মাসের মধ্যে পেশ করার কথা বলা থাকলেও ‘যথাসম্ভব’ শব্দটার অপব্যবহার করে জুন মাসে এটি আনা হচ্ছে। মার্চ ও এপ্রিলে কেন এটি দেওয়া গেল না, তার ব্যাখ্যা সরকারের দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবির ওপর আলোচনায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আবদুল আলিম বলেন, সরকারি অর্থ ব্যয়ে সঠিক ব্যবস্থাপনা থাকলে সম্পূরক বাজেটের প্রয়োজনই পড়ত না। তিনি ‘আগে অনুমোদন, তারপরে খরচ’—এই রীতি চালুর দাবি জানান। তাঁর অভিযোগ, অর্থবছরের শেষদিকে তাড়াহুড়ো করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার প্রবণতা মূলত অনিয়ম ও অপচয়ের সুযোগ তৈরি করে।

কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আবদুল গফুর অর্থ বিভাগের মঞ্জুরি দাবির ছাঁটাই প্রস্তাবের পক্ষে বলেন, নির্ধারিত বরাদ্দের মধ্যে খরচ সীমিত রাখতে সরকার ব্যর্থ হয়েছে, যা প্রমাণ করে সরকারি ব্যয়ে কোনো নিয়ন্ত্রণ ও মিতব্যয়িতা ছিল না।

সংসদ সদস্যদের এসব বক্তব্যের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, খরচের আগে সংসদে অনুমোদন নেওয়ার ব্যবস্থা থাকলে তা সংসদের কর্তৃত্ব ও সার্বভৌমত্বকে আরও দৃঢ়তর করত। তিনি বলেন, ‘আমিও বিশ্বাস করি, রাষ্ট্রীয় খরচ যা কিছু, সেটা আগেই সংসদে অনুমোদন নেওয়া উচিত। তবে নানা কারণে এটা হয়তো সম্ভব হয় না।’

তিনি উল্লেখ করেন, প্রতিটি সংসদে এভাবে সম্পূরক বাজেট পাস হওয়া এখন একটি রেওয়াজে পরিণত হয়েছে। তবে ভবিষ্যতের জন্য বিষয়টি চিন্তাভাবনা করে দেখা যেতে পারে।

অন্যদিকে, চিফ হুইপ নূরুল ইসলাম সম্পূরক বাজেট মার্চ মাসে দেওয়া অবাস্তব বলে মন্তব্য করেন। তিনি বলেন, জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত টাকা খরচ হতে থাকে, তাই সম্পূরক বাজেট জুন মাসেই দিতে হবে। জাতীয় স্বার্থে সরকার ও বিরোধী দলের আলোচনার মাধ্যমেই ছাঁটাই প্রস্তাবের আলোচ্য খাত নির্ধারণ করা হয়েছে।

তবে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, বাইরে যেন এমন বার্তা না যায় যে বিরোধী দল আলোচনা না করেই সব মেনে নিচ্ছে; বরং বিরোধী দল সংসদে জনগণের পক্ষেই কথা বলছে—এই বার্তাটি যাওয়া দরকার। জবাবে স্পিকার মন্তব্য করেন, সব সদস্যকে বলার সুযোগ দিলে বাজেট অধিবেশন কয়েক মাস লেগে যাবে এবং সংসদীয় কার্যক্রম এগিয়ে নিতে সরকার ও বিরোধী দলের মধ্যে এমন সমঝোতা হওয়া অস্বাভাবিক নয়।

২৫ দাবিতে ভোট গ্রহণ

২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটে মোট ২৫টি মঞ্জুরি দাবি রয়েছে। স্পিকার জানান, সংবিধানের ৮৯ অনুচ্ছেদ অনুযায়ী দায়যুক্ত ব্যয় সংসদে আলোচনা হতে পারলেও তা ভোটের আওতাভুক্ত নয়। বিরোধী দলের তালিকা অনুযায়ী অর্থ বিভাগ, পরিকল্পনা বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পানি সম্পদ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশন—এই আটটি খাতের ওপর ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনা হবে এবং অন্য দাবিগুলো সরাসরি ভোটে নিষ্পত্তি করা হবে।

কারাগারে মায়ের সঙ্গে কত শিশু রয়েছে, জানতে চেয়েছেন হাইকোর্ট

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর

আরবি ভাষায় অনুবাদ হচ্ছে বেনজীরের তথ্যপ্রমাণ-সংবলিত নথি

স্থানীয় নির্বাচন কবে, আ.লীগ অংশ নিতে পারবে কি না—সংসদে রুমিনের প্রশ্ন

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন

স্বল্পমূল্যের কৃত্রিম তন্তুর কারণে পাটজাত পণ্য বিশ্ববাজারে হুমকির মুখে: সংসদে পাটমন্ত্রী

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলছে নছিমন-করিমন: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ৩০০ বিধিতে বিবৃতির দাবি জামায়াত এমপির

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় কূটনীতিককে তলব