হোম > জাতীয়

ঈদযাত্রা: নৌপথে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন। ফাইল ছবি

ঈদে নৌপথে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঈদের আগের তিন দিন ও পরের সাত দিন সব ধরনের বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে ঈদযাত্রায় নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় ও ধারণক্ষমতার বাইরে অতিরিক্ত যাত্রী বহনের কোনো অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

আজ বুধবার সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরাপদ নৌ চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজিত সভা শেষে এসব কথা জানান নৌ উপদেষ্টা। তিনি বলেন, প্রত্যেক লঞ্চের নির্ধারিত স্থানে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার রেট চার্ট প্রদর্শন করতে হবে। অন্যথায় মালিকপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নৌ উপদেষ্টা বলেন, ‘প্রায়শই অভিযোগ শোনা যায়, ঈদের সময় যাত্রীসাধারণকে জিম্মি করে নির্ধারিত ভাড়ার বাইরে প্রায় দেড়-দুই গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। আসন্ন ঈদে এ ধরনের অপকর্মকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উপদেষ্টা আরও বলেন, ঈদ সামনে রেখে ঈদুল আজহার আগে তিন দিন ও পরের তিন দিন নিত্যপ্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ রাখা হবে। এ ছাড়া নৌপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্ধার কার্যক্রমের জন্য উদ্ধারকারী জলযান প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।

উপদেষ্টা আরও বলেন, যাত্রীসাধারণের নিরাপদ চলাচল সব নদীবন্দর, টার্মিনাল ও ঘাটে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। জেলা প্রশাসকেরা টাস্কফোর্স গঠনপূর্বক মোবাইল কোর্ট পরিচালনা করবেন। তিনি বলেন, দূরপাল্লার লঞ্চগুলোতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে চারজন করে আনসার সদস্য নিয়োগের জন্য মালিকপক্ষকে বলা হয়েছে। এর ব্যত্যয় হলে, কোনো দুর্ঘটনা সংগঠিত হলে মালিকপক্ষ দায়ী থাকবে।

এ ছাড়া ৩০ মে হতে ১৪ জুন পর্যন্ত ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়ক উন্মুক্ত রাখতে হবে বলে উল্লেখ করে উপদেষ্টা বলেন, কোনোভাবেই রাস্তার ওপরে যত্রতত্র বাস দাঁড় করিয়ে রাখা যাবে না।

এ ছাড়া ঈদ সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রয়োজনীয় ড্রেজিং শেষে চিলমারী-রৌমারী নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হচ্ছে বলে জানান উপদেষ্টা।

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় কূটনীতিককে তলব

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ