হোম > জাতীয়

দেশের সবচেয়ে বড় সাইবার ক্রাইম হবে আগামী নির্বাচন ঘিরে, তৈয়্যবের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফয়েজ আহমদ তৈয়্যব। ফাইল ছবি

নির্বাচন ঘিরে দেশে গুজব, অপতথ্য ছড়ানোসহ বড় ধরনের সাইবার ক্রাইমের আশঙ্কা করছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ডিজিটাল ভেরিফিকেশন অ্যান্ড ফ্যাক্টচেকিং-বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব এ কথা জানান।

ফয়েজ আহমদ বলেন, ‘আমরা একটি নির্বাচনের মুখোমুখি। ৫ আগস্টের পরে দেশের ভেতরের ও বাইরের গোষ্ঠীগুলো যৌথ প্রয়াসে মিসইনফরমেশন ও ডিজইনফরমেশন ক্যাম্পেইন চালিয়েছে। আমার আশঙ্কা, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মিসইনফরমেশন-ডিজইনফরমেশন (ভুয়া তথ্য ও অপতথ্য) এবং সাইবার ক্রাইমটা (সাইবার অপরাধ) হবে আগামী নির্বাচন ঘিরে।’

ফয়েজ আহমদ বলেন, গুজব প্রতিরোধে তথ্য কর্মকর্তাদের ভূমিকার বিষয়টি বিবেচনা করে আইসিটি বিভাগ ডিজিটাল ভেরিফিকেশন ও ফ্যাক্টচেকিং বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে। যাঁরা ফ্যাক্টচেকিং বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন, তাঁরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফ্যাক্টচেকার। প্রশিক্ষকগণ তথ্য বিশ্লেষণে প্রযুক্তির ব্যবহার, তথ্য ও ইমেজ ভেরিফিকেশন, তথ্যের প্রাইমারি ও সেকেন্ডারি উৎস যাচাই প্রভৃতি বিষয়ে তথ্য কর্মকর্তাদের ধারণা দেবেন; যা তথ্য কর্মকর্তাদের ফ্যাক্টচেকিং বিষয়ে দক্ষতা উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর জন্য তথ্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেন, গুজব ও অপতথ্য মোকাবিলায় তথ্য কর্মকর্তাদের দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

গুজব ও অপতথ্য মোকাবিলা করা বর্তমান সময়ের অন্যতম চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তথ্য বিশ্লেষণে দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে মাহফুজ আলম বলেন, তথ্যের উৎস অনুসন্ধান ও সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে তথ্য কর্মকর্তাদের ফ্যাক্টচেকিং বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করতে হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে গুজব প্রচার করছে। গুজব প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

গুজব প্রতিরোধে তথ্য কর্মকর্তাদের ভূমিকার কথা উল্লেখ করে শীষ হায়দার বলেন, তথ্য প্রচারের মাধ্যমে তথ্য কর্মকর্তারা সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেন। তিনি গুজব অনুসন্ধানে তথ্য কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় কূটনীতিককে তলব

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ