বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জের বিষয়টি খতিয়ে দেখছে সরকার। ‘বিদ্যুৎ ও জ্বালানি খাত সংস্কার: জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আজ রোববার এ কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘প্রিপেইড মিটারে যে মাসিক ‘মিটার চার্জ’ কাটা হয়, সেটি কীভাবে নির্ধারিত হচ্ছে—তা খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। মিটারের ব্যবহৃত প্রোগ্রাম পরীক্ষা-নিরীক্ষা করতে বলা হয়েছে। এটা নিয়ে বৈঠক করেছি।’
মন্ত্রী উল্লেখ করেন, গ্রাহকদের কাছ থেকে প্রায় ১০ শতাংশ পর্যন্ত চার্জ নেওয়া হচ্ছে, এ নিয়ে জনগণের প্রশ্ন রয়েছে। প্রিপেইড মিটারের প্রোগ্রাম কীভাবে কাজ করে, ভেতরে কী সেটিংস আছে—সেগুলো বুঝতে পারলে ১০ শতাংশ চার্জ নিয়ে সমাধানে আসা সম্ভব হবে।