জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই। আজ শনিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুর স্থানীয় সময় আজ বেলা দেড়টায় চিকিৎসাধীন অবস্থায় দিলারা হাফিজ মারা যান। তাঁর মরদেহ আগামীকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশে আনা হবে। দিলারা হাফিজ স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শায়রুল কবির খান আরও জানান, আগামী সোমবার বেলা ১১টায় দিলারা হাফিজের জানাজা জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় এবং বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর বনানী সামরিক বাহিনীর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।