হোম > জাতীয়

কুমিল্লায় ‎পরীক্ষাকেন্দ্রে এমপির লাইভ, শিক্ষা বোর্ড তাকিয়ে শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কুমিল্লা-২ আসনের এমপি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া ‎এসএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্রে প্রবেশ করে ফেসবুকে লাইভে যান। ছবি: ভিডিও থেকে নেওয়া

এসএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্রে প্রবেশ করে ফেসবুকে লাইভ করেছেন কুমিল্লা-২ আসনের এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। ‎সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একজন সংসদ সদস্যের ফেসবুক লাইভকে কেন্দ্র করে পাবলিক পরীক্ষা আইনের প্রয়োগ ও বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠেছে।

‎পাবলিক পরীক্ষা আইন, ১৯৮০ অনুযায়ী পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারও পরীক্ষার কক্ষে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি জানিয়েছেন, বিষয়টি নিয়ে চূড়ান্ত ও স্পষ্ট সিদ্ধান্তের জন্য তাঁরা শিক্ষামন্ত্রীর দিকেই তাকিয়ে আছেন।

‎জানতে চাইলে আজ সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির বলেন, ‘শিক্ষামন্ত্রীর স্পষ্ট নির্দেশনা ছিল, যেকোনো জনপ্রতিনিধি সঙ্গে লোক নিয়ে বা পরীক্ষার্থীদের বিরক্ত করে কেন্দ্রে যেতে পারবেন না। আমি বিষয়টি শিক্ষামন্ত্রীকে ইতিমধ্যে জানিয়েছি।’ ‎এ বিষয়ে আবারও মন্ত্রীর সঙ্গে আলোচনা করে পরবর্তী পরীক্ষার জন্য স্পষ্ট দিকনির্দেশনা নেওয়া হবে বলে জানান তিনি।

‎এদিকে বিষয়টি নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাছরীন বলেন, ‘বিষয়টি আমি গণমাধ্যমের প্রতিবেদন থেকেই জেনেছি। সারা দিন পরীক্ষার বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত থাকায় আগে অবগত ছিলাম না। পরীক্ষাকেন্দ্রে সাধারণত কেন্দ্রসচিব ও সংশ্লিষ্ট ব্যক্তিরাই থাকেন, বাইরে থেকে অন্য কারও প্রবেশের সুযোগ নেই। বোর্ডের পক্ষ থেকে গঠিত পরিদর্শন দল থাকলে তারা নির্ধারিত নিয়মে কেন্দ্র পরিদর্শন করতে পারে।’

‎রুনা নাছরীন আরও বলেন, ‘একজন জনপ্রতিনিধি হিসেবে এমপি কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন—এ ধরনের নির্দেশনা প্রশাসনিক বৈঠকে থাকতে পারে। তবে পরীক্ষাকক্ষ অত্যন্ত সংবেদনশীল স্থান। এখানে গোপনীয়তা বজায় রাখা জরুরি। পরিদর্শনে গেলেও কোনো ধরনের লাইভ সম্প্রচার বা এমন কার্যক্রম সমর্থনযোগ্য নয়।’ গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে লাইভ সম্প্রচারের বিষয়টি শুনলেও তিনি নিজে তা সরাসরি দেখেননি বলে দাবি করেন।

উল্লেখ্য, ‎সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, আজ মঙ্গলবার সকালে কুমিল্লার হোমনায় একটি এসএসসি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করে ফেসবুকে লাইভ করেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। পরীক্ষা চলাকালে হোমনা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

‎ফেসবুক লাইভে দেখা গেছে, সকাল ১০টা ১০ মিনিটে এমপি সেলিম ভূঁইয়া তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভ শুরু করেন। প্রায় ৯ মিনিটের ওই লাইভে দেখা যায়, তিনি সিঁড়ি বেয়ে দোতলায় উঠে বিভিন্ন পরীক্ষাকক্ষে প্রবেশ করছেন। কক্ষে ঢুকে তিনি পরীক্ষার্থীদের বেঞ্চের সামনে গিয়ে প্রশ্নপত্র সহজ হয়েছে কি না—এমন প্রশ্ন করেন এবং শিক্ষার্থীদের অঙ্গভঙ্গিতে নানা নির্দেশনা দেন।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি সাড়া দেননি।

‎এর আগে ১২ এপ্রিল রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ঢাকা অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসএসসি ও সমমান পরীক্ষার হল পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্যরা (এমপি) যেতে পারবেন না বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

‎শিক্ষামন্ত্রী বলেছিলেন, ‘এসএসসি পরীক্ষা আসছে। সামনে এইচএসসি পরীক্ষা। এসব পরীক্ষায় হল পরিদর্শনের সময় স্থানীয় সংসদ সদস্যরা সঙ্গী-সাথি নিয়ে যেতে পারবেন না। এ সুযোগ নেই। পরীক্ষার্থীদের বিরক্ত করা যাবে না। সেটা কেউ করতে পারবেন না। কেন্দ্রের সচিবদের এসব বিষয় খেয়াল রাখতে হবে।’

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ