হোম > জাতীয়

পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না: তাসনিম জারা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

তাসনিম জারা। ছবি: ভিডিও থেকে নেওয়া

নিজের পোলিং এজেন্টদের বিভিন্ন অজুহাতে কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ করেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। আজ বৃহস্পতিবার সকালে নিজের নির্বাচনী এলাকায় কয়েকটি কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ অভিযোগ জানান তিনি।

তাসনিম জারা বলেন, ‘পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না বা বের করে দেওয়া হচ্ছে। বানোয়াট কিছু নিয়ম বানিয়ে এই অজুহাতগুলো দেখানো হচ্ছে। কাউকে বলা হচ্ছে যে— আপনারা তো এখানকার ভোটার না। অথচ এ রকম কোনো নিয়ম নাই যে, পোলিং এজেন্ট হতে হলে এই আসনের ভোটার হতে হবে। তারপরে পুরুষ কেন্দ্রের নারী এজেন্ট— সেই নিয়ম বলে বের করে দেওয়া হচ্ছে।’

ফোন নিয়ে প্রবেশের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে বলে জানান তাসনিম জারা। তিনি বলেন, ‘বিভিন্নভাবে বলছে যে ফোন নিয়ে ঢোকা যাবে না। অথচ ফোন নিয়ে ঢোকা যাবে। তবে ব্যবহার করতে পারবে না। এসব বিভিন্ন অজুহাতে আমাদের যাঁরা পোলিং এজেন্ট আছেন, তাঁদেরকে বের করে দেওয়া হচ্ছে বা ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্তু ভেতরে মানুষ ভোট দিচ্ছে, নির্বাচন হচ্ছে। এটা তো গ্রহণযোগ্য না। এটা সুষ্ঠু প্রক্রিয়া কীভাবে হয়?’

অসংগতিগুলো নিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে প্রশ্ন করা হলে কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না বলে জানান ঢাকা-৯ আসনের স্বতন্ত্র এই প্রার্থী। তিনি বলেন, ‘যখন আমি জিজ্ঞেস করছি— নিয়মটা কী? তখন আবার ওনারা বলতে পারছেন না।’

কেন্দ্রে গিয়ে বিষয়গুলো সমাধান করা লাগছে বলে জানান তাসনিম জারা। তিনি বলেন, ‘একটু আগে আরেকটা কেন্দ্রে নিজে গিয়ে আমার এটা সলভ (সমাধান) করা লাগছে। কিন্তু আমি তো প্রার্থী হিসেবে গিয়ে গিয়ে প্রিসাইডিং অফিসারকে জিজ্ঞেস করতে পারব না যে আপনি কোন নিয়মে, কেন এই বানোয়াট অজুহাতে আমার পোলিং এজেন্টকে ঢুকতে দিচ্ছেন না, বা বের করে দিয়েছেন। এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

এদিন সকাল ৮টা ৪০ মিনিটের দিকে তাসনিম জারা খিলগাঁওয়ের তালতলা প্রাইম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে ভোট দেন। তিনি নিজে ঢাকা-৯ আসনের প্রার্থী হলেও বাসার সীমানা ঢাকা-১১ আসনে হওয়ায় ব্যালট পেপারে নিজের প্রতীকে ভোট দেওয়ার সুযোগ পাননি।

ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেশ আলোচনায় রয়েছেন তরুণ চিকিৎসক তাসনিম জারা। যে কেন্দ্রে তিনি ভোট দিয়েছেন এর কয়েক শ গজ পর থেকেই নিজের আসন শুরু।

ইসির ওয়েবসাইট ও ভোটার স্লিপ অ্যাপস অনুযায়ী, তাসনিম জারা ঢাকা-১১ আসনের নিবন্ধিত ভোটার। তিনি আগে চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকায় থাকতেন। সেখান থেকে ভোটার হন। সেখানে তাঁর ভোটকেন্দ্র নম্বর ৮০ এবং কেন্দ্রের নাম প্রাইম স্কুল অ্যান্ড কলেজ (খিলগাঁও বি-জোন পূর্ব)। নির্বাচনী আইন অনুযায়ী তাঁকে সেখানেই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হয়েছে।

খিলগাঁওয়ের তালতলা প্রাইম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর নির্বাচনী এলাকা পরিদর্শনে বের হন তাসনিম জারা।

মেট্রোরেলের এমডির নিয়োগ বাতিল

সামাজিক মাধ্যমে যুদ্ধসংক্রান্ত ছবি-ভিডিও শেয়ার না করার অনুরোধ

ত্রিশালে আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স হবে: সেনাপ্রধান

ফেব্রুয়ারিতেই হত্যার শিকার ৩২ নারী ও কন্যাশিশু

পোস্টাল ব্যালট সফলভাবে পৌঁছে দেওয়া ডাক বিভাগের সক্ষমতার প্রমাণ: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

ত্রিশালে হবে আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স: সেনাপ্রধান

অন্যায়ভাবে বাদ পড়লে নীতিমালার আওতায় অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে: তথ্যমন্ত্রী

২৩ কোটি টাকা আত্মসাৎ-পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র

মানবতাবিরোধী অপরাধে কামরুল ও মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন

ঈদে ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে কড়াকড়ি, থাকছে ২৫ শতাংশ আসনবিহীন টিকিট