হোম > জাতীয়

সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে

বিশেষ প্রতিনিধি, ঢাকা

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএম অফিস

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতনকাঠামো বাস্তবায়ন আরও বিলম্বিত হচ্ছে। সরকারের ভেতরে এ নিয়ে বিস্তারিত পর্যালোচনা চলতে থাকায় চূড়ান্ত অবস্থান এখনো নির্ধারণ হয়নি; বরং তা আরও গভীরভাবে যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে এগোবে। এ লক্ষ্যে গঠিত সচিব কমিটি তাদের পর্যালোচনা কার্যক্রম অব্যাহত রাখছে এবং সে প্রক্রিয়ার ওপরই নির্ভর করছে পরবর্তী সিদ্ধান্ত।

সচিবালয়ে গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর সাংবাদিকদের জানান, বেতন বাড়ানোর প্রস্তাব সরাসরি বাস্তবায়ন করা হবে না। সচিব কমিটি সব দিক দেখে একটি প্রতিবেদন দেবে। এরপর সরকার সিদ্ধান্ত নেবে।

এর আগে এ বিষয় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি বৈঠক হয়। সেখানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিতুমীর বলেন, বেতন নির্ধারণের একটি নির্দিষ্ট নিয়ম আছে। পে কমিশন প্রস্তাব দেয়, তারপর সচিব কমিটি তা পরীক্ষা করে। সবকিছু ঠিক থাকলে পরে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত জাতীয় বেতন কমিশন গত ২২ জানুয়ারি তাদের সুপারিশ জমা দেয়। সেখানে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানো যেতে পারে।

প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার সুপারিশ করা হয়। আর সর্বোচ্চ বেতন ৭৮ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।

এই নতুন বেতনকাঠামো চালু করতে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা লাগতে পারে।

কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর গত ৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি শুধু সাধারণ সরকারি চাকরিজীবীদের নয়, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর বেতন-সংক্রান্ত প্রস্তাবও যাচাই করছে।

ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান: ধর্মবর্ণ-নির্বিশেষে দেশ গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘আসুন, সবাই মিলে যার যার অবস্থান থেকে কাজ করে একটি বেটার বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হই।’

সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে গতকাল খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান ‘ইস্টার সানডে’ উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ইস্টার সানডে উপলক্ষে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। তাঁদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়কালে প্রধানমন্ত্রী খ্রিষ্টান সম্প্রদায়ের সাফল্য কামনা করেন।

ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশের সভাপতি ফিলিপ পি অধিকারীর নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।

ইস্টার সানডে উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সব ধর্মের মানুষকে সমানভাবে দেখি, একই রকম ভালোবাসি। ধর্ম যার যার, দেশ সবার। দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব সব ধর্মের মানুষের।’

জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ

বাসস জানিয়েছে, সংসদ অধিবেশনের ফাঁকে দর্শক গ্যালারিতে থাকা জুলাই আন্দোলনে শহীদ হওয়া পরিবারের সদস্য এবং আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার সব সময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রমের বিরতির সময় গতকাল সন্ধ্যায় গ্যালারির ‘মেঘনা হলে’ প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের সঙ্গে দেখা করেন।

আতিকুর রহমান বলেন, ‘সারা দেশ থেকে আসা প্রায় ৬০ জন জুলাই গণ-আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত পরিবারের সদস্য এ সময় সংসদের দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন। এর মধ্যে ২৬ জন শহীদ পরিবারের সদস্য। আর বাকিরা জুলাই গণ-আন্দোলনে সরাসরি অংশ নিয়ে আহত হয়েছিলেন। অনেকে এখনো চিকিৎসা নিচ্ছেন। তাঁরা প্রধানমন্ত্রীর কাছে তাঁদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন।’

মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গতকাল দুপুরে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। প্রধানমন্ত্রীর সচিবালয়ের অফিসে উভয়ের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য নিশ্চিত করেন। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

কমিশনহীন দুদক: মামলাহীন এক মাস, থেমে আছে সিদ্ধান্ত

পৌনে ৪ হাজার কোটির প্রকল্প সীমান্ত সড়কে

সময় শেষ হয়ে যাচ্ছে, তবু অনড় দুই পক্ষই

অধস্তন আদালতের সময়সূচিতে পরিবর্তন

গোঁজামিল দিয়ে জনগণকে গণভোটে বাধ্য করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তিন মাসে ৩৩১ অস্ত্র উদ্ধার র‍্যাবের, গ্রেপ্তার ৩৪৭৩

সংসদে আবারও মাইক বিভ্রাট, হ্যান্ডমাইকে কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে মাইক বিভ্রাট: প্রকৃত কারণ জানতে সচিবকে নির্দেশ, দুই কারণ উল্লেখ স্পিকারের

মানবতাবিরোধী অপরাধে হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

স্পিকারের সহধর্মিণীর মাগফিরাত কামনায় সংসদ ভবনে দোয়া মাহফিল