হোম > জাতীয়

শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ সুইসপোর্টের

বিশেষ প্রতিনিধি, ঢাকা

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংলি আজ মঙ্গলবার বিমানমন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক অ্যাভিয়েশন সেবা প্রতিষ্ঠান সুইসপোর্ট। বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংলি আজ মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।

সকালে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে বেসামরিক বিমান চলাচল খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা গুরুত্ব পায়।

বৈঠকে রাষ্ট্রদূত রেটো রেংলি বলেন, সুইজারল্যান্ড বাংলাদেশের বিমান খাতের উন্নয়ন ও আধুনিকায়নে যৌথভাবে কাজ করতে আগ্রহী। এ সময় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে বিশ্বের অন্যতম শীর্ষ অ্যাভিয়েশন গ্রাউন্ড সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান সুইসপোর্টের আগ্রহের বিষয়টি তুলে ধরেন।

জবাবে মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সুইসপোর্টকে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, সরকারের নীতিমালা ও জাতীয় স্বার্থ বিবেচনায় প্রস্তাবটি যথাযথভাবে পর্যালোচনা করা হবে।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে বিমান যোগাযোগ, পর্যটন, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন।

সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার: তথ্যমন্ত্রী

বিশ্বকাপ ফুটবলে কোন দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

হয়রানির শিকার হয়েছি, প্রতিবাদস্বরূপ ফিরে এসেছি: ডা. জাহেদ উর রহমান

সাংবাদিকদের অধিকার রক্ষার্থে সব সময় পাশে থাকব: ফখরুল

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি টাকা

দিল্লি বিমানবন্দরে ‘হেনস্তা’: ঘটনার বর্ণনায় যা বললেন উপদেষ্টা জাহেদ উর রহমান

সুপ্রিম কোর্ট সচিবালয়: আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশ ইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎

চট্টগ্রাম-৪ আসন: আসলামের প্রার্থিতা নিয়ে সিদ্ধান্ত ৩০ জুন

৯৯৯-এ ৭ কোটির বেশি ফোনকল