হোম > জাতীয়

ঈদে মনিটরিংয়ে গাফিলতি হলে ব্যবস্থা নেওয়া হবে: নৌ প্রতিমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ইস্কাটনে লেডিস ক্লাবে নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। ছবি: আজকের পত্রিকা

আসছে ঈদুল আজহা ও বর্ষা মৌসুমকে সামনে রেখে নৌপথে যাত্রী, কোরবানির পশু ও কার্গো পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি বলেছেন, নৌযানের কাগজপত্র ঠিক রেখে চলাচল নিশ্চিত করতে হবে এবং কোথাও মনিটরিংয়ে গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

আজ রোববার (১০ মে) রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, দিবসভিত্তিক অনুষ্ঠানগুলো প্রায়ই আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। আলোচনা হয়, সুন্দর সুন্দর কথা বলা হয়, কিন্তু বাস্তবে পরিবর্তন আসে না। এ অবস্থার পরিবর্তন প্রয়োজন। অনেক কাজ একসঙ্গে করার চেয়ে একটি কাজ সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে ভালো ফল পাওয়া সম্ভব।

নৌ প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বে নৌপথ মানুষ ও পণ্য পরিবহনের জন্য সবচেয়ে নিরাপদ, কম খরচের ও আরামদায়ক পথ হিসেবে বিবেচিত। দেশের নৌপথে দুর্ঘটনার হারও অন্যান্য পরিবহনের তুলনায় কম। তবে সংশ্লিষ্ট অধিদপ্তর, জাহাজ মালিক ও শ্রমিকদের আরও সচেতনতা প্রয়োজন। সবাই দায়িত্বশীল হলে দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব।

তিনি বলেন, দেশের নদীগুলো নানা কারণে সংকুচিত হয়ে আসছে, কোথাও চর জেগে উঠছে। এ অবস্থায় নৌপথকে টিকিয়ে রাখতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আধুনিক ও সময়োপযোগী নৌযান চালুর দিকেও গুরুত্ব দিতে হবে।

প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, একসময় প্রায় প্রতি বছর বড় ধরনের জাহাজডুবির ঘটনা ঘটত। কিন্তু মন্ত্রণালয়, মালিক ও শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টায় এখন সেই সংখ্যা অনেক কমে এসেছে। এই অগ্রগতি ধরে রাখতে নিয়মিত তদারকি বাড়াতে হবে।

নৌযানের রুট পারমিট ও সার্ভে প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও বলেন, কাগজপত্র যাচাইয়ের সময় সবকিছু ঠিকঠাক থাকলেও পরবর্তীতে অনেক ক্ষেত্রে আর তদারকি করা হয় না। এমন অভিযোগও রয়েছে যে পরিদর্শনের সময় সাময়িকভাবে জাহাজ সাজিয়ে উপস্থাপন করা হয়। তাই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত পরিদর্শনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সামনে বর্ষা মৌসুম হওয়ায় নদী উত্তাল থাকবে। তাই যাত্রীবাহী জাহাজগুলোকে কাগজপত্র ঠিক রেখে চলাচল করতে হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিয়মিত জাহাজ পরিদর্শনে যাবেন এবং কোথাও অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ঈদকে সামনে রেখে ছোট ছোট নৌপথে ঝুঁকিপূর্ণ ট্রলার ও স্পিডবোট চলাচল নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যদের এ বিষয়ে বিশেষ নজরদারির আহ্বান জানিয়ে তিনি বলেন, সামান্য সময় বাঁচাতে গিয়ে অনেকে ঝুঁকিপূর্ণ নৌযানে যাত্রা করেন। দুর্ঘটনা ঘটলে একদিকে যেমন মানুষের প্রাণহানি ঘটে, অন্যদিকে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরও বিব্রতকর অবস্থায় পড়ে।

তিনি বলেন, মন্ত্রণালয়, অধিদপ্তর, মালিক, নাবিক ও শ্রমিক সবাই মিলে কাজ করলে দেশের নৌপথে যাত্রী ও পণ্য পরিবহনের যে ঐতিহ্য ছিল, তা আবার ফিরিয়ে আনা সম্ভব হবে।

অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ঈদ ও বর্ষা মৌসুমকে সামনে রেখে মানুষ, কোরবানির পশু ও কার্গো পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোথাও যেন মনিটরিংয়ে গাফিলতি না থাকে, সেটি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সবকিছু পর্যবেক্ষণে রাখা হবে।

অনুষ্ঠানে আরও ছিলেন— সড়ক, রেল ও নৌ মন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন সচিব জাকারিয়া, বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী, চীফ ইঞ্জিনিয়ার এণ্ড শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমান।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ