ত্বকের যত্নে গ্লিসারিনের কথা প্রায় সবাই জানে। কিন্তু চুলের যত্নেও যে এটি সমান কার্যকরী, তা হয়তো অনেকের অজানা। গ্লিসারিন মূলত একটি প্রাকৃতিক হিউমেকট্যান্ট, যা বাতাস থেকে আর্দ্রতা টেনে নিয়ে চুলে ধরে রাখে। ফলে চুলের শুষ্কতা, আগা ফাটা এবং মাথার ত্বকের চুলকানি দূর করতে এটি ভালো কাজ করে; বিশেষ করে যাঁদের চুল বেশি রুক্ষ, তাঁদের জন্য গ্লিসারিন এক অনন্য সমাধান। সহজলভ্য এবং সাশ্রয়ী হওয়ায় এটি হতে পারে আপনার চুলের দীর্ঘমেয়াদি বন্ধু। আজকের আয়োজনে থাকছে চুলের সুরক্ষায় গ্লিসারিনের বহুমুখী ব্যবহার এবং এটি দিয়ে ঘরে তৈরি কিছু কার্যকরী হেয়ার প্যাকের কথা।
চুলের যত্নে গ্লিসারিন কেন সেরা
আর্দ্রতা ধরে রাখে: এটি চুলে পানি বা আর্দ্রতা ধরে রাখে, ফলে চুল থাকে নরম ও হাইড্রেটেড।
তাপ থেকে সুরক্ষা: এটি চুলে একটি পাতলা আবরণ তৈরি করে, যা স্টাইলিং টুলসের অতিরিক্ত তাপ থেকে চুল রক্ষা করে।
পিএইচ ভারসাম্য: এটি মাথার ত্বকের প্রাকৃতিক পিএইচ লেভেল ঠিক রাখতে সাহায্য করে।
খুশকি নিয়ন্ত্রণ: মাথার ত্বকের শুষ্কতা কমিয়ে খুশকি দূর করতে এটি বেশ কার্যকর।
গ্লিসারিন দিয়ে তৈরি কিছু সহজ হেয়ার ট্রিটমেন্ট
ময়শ্চারাইজিং হেয়ার স্প্রে
আধা কাপ গোলাপজল, আধা কাপ সাধারণ পানি, ২ চামচ গ্লিসারিন এবং কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে রাখুন। শ্যাম্পু করার পর ভেজা চুলে এটি স্প্রে করলে চুল হবে রেশমি।
ক্যাস্টর অয়েল ও গ্লিসারিন মাস্ক
১ চামচ ক্যাস্টর অয়েল, ১ চামচ গ্লিসারিন, ১ চামচ অ্যাপল সিডার ভিনেগার এবং একটি ডিমের কুসুম মিশিয়ে প্যাক তৈরি করুন। এটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে ৩০ থেকে ৪৫ মিনিট রাখুন। এটি নতুন চুল গজাতে সাহায্য করে।
অলিভ অয়েল ও মধুর মিশ্রণ
১ চামচ অলিভ অয়েল, ১ চামচ গ্লিসারিন এবং ১ চামচ মধু মিশিয়ে মাথার ত্বকে ৫ থেকে ১০ মিনিট ম্যাসাজ করে ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। এটি চুলে পুষ্টি জোগাবে এবং চুল পড়া রোধ করবে।
অ্যালোভেরা ও গ্লিসারিন প্যাক
১ চামচ তাজা অ্যালোভেরা জেল ও ১ চামচ গ্লিসারিন মিশিয়ে মাথায় এক ঘণ্টা লাগিয়ে রাখুন। এটি ক্ষতিগ্রস্ত চুলের জন্য সেরা।
লেবুর রস ও ডিমের প্যাক
২ চামচ লেবুর রস, ১ চামচ গ্লিসারিন ও ২টি ডিম ফেটিয়ে মাথায় ৪৫ মিনিট রাখুন। এটি মাথার ত্বকের ময়লা পরিষ্কার করে এবং খুশকি তাড়ায়।
মধু ও গ্লিসারিন প্যাক
৩ চামচ মধু, ২ চামচ গ্লিসারিন ও সামান্য পানি মিশিয়ে ৩০ মিনিট চুলে লাগিয়ে রাখুন। এটি চুল বাউন্সি ও স্বাস্থ্যোজ্জ্বল করে।
গোলাপজল ও গ্লিসারিন কন্ডিশনার
১ চামচ গ্লিসারিন ও ২ চামচ গোলাপজল মিশিয়ে শ্যাম্পুর পর চুলে লাগিয়ে রাখুন। এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। তা ছাড়া চাইলে নিয়মিত শ্যাম্পু বা কন্ডিশনারের বোতলে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে নিতে পারেন। এতে পণ্যগুলোর গুণমান অনেক বেড়ে যাবে।
লিভ-ইন কন্ডিশনার
১ চামচ গ্লিসারিন ও ২ চামচ ডিস্টিলড ওয়াটার মিশিয়ে হালকা ভেজা চুলে লাগিয়ে নিন। সারা দিন চুল থাকবে জটমুক্ত ও উজ্জ্বল।
সতর্কতা ও কিছু নিয়ম
গ্লিসারিন ব্যবহারে কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি—
সরাসরি ব্যবহার নয়: গ্লিসারিন কখনোই সরাসরি চুলে ব্যবহার করবেন না। সব সময় পানি, তেল বা অ্যালোভেরার সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন। নতুবা চুল চটচটে হয়ে যেতে পারে।
অ্যালার্জি পরীক্ষা: ব্যবহারের আগে কানের পেছনে বা কবজিতে প্যাচ টেস্ট করে নিন। কোনো জ্বালাপোড়া বা লালচে ভাব হলে ব্যবহার করবেন না।
শীতকালীন ব্যবহার: খুব বেশি শীতে বা শুষ্ক আবহাওয়ায় সরাসরি গ্লিসারিন ব্যবহার না করাই ভালো। কারণ, এটি চুল আরও শুষ্ক করে দিতে পারে।
সূত্র: হেলথলাইন, স্কিনক্র্যাফট, স্টাইলক্রেজ অবলম্বনে