হোম > জীবনধারা > ফিচার

ঈদে ঘর সতেজ রাখতে যে গাছগুলো বেছে নিতে পারেন

ফিচার ডেস্ক, ঢাকা 

দামি আসবাব বা আলোকসজ্জার ভিড়ে সতেজতা যোগ করতে পারে জীবন্ত ইনডোর প্ল্যান্ট। ছবি: এভরিডে হেলথ

ঘরদোর পরিষ্কার করে নতুনভাবে সাজিয়ে তোলা ঈদের অবিচ্ছেদ্য অংশ। দামি আসবাব বা আলোকসজ্জার ভিড়ে একচিমটি সতেজতা যোগ করতে পারে জীবন্ত ইনডোর প্ল্যান্ট। এগুলো কেবল ঘরের সৌন্দর্যই বাড়ায় না; বরং দীর্ঘ উপবাসের পর আপনার ঘরের বাতাস বিশুদ্ধ রাখতে এবং মন শান্ত রাখতে সাহায্য করে। গাছ কেবল ঘর সাজানোর একটি উপকরণ নয়। গবেষণায় দেখা গেছে, এটি মানসিক চাপ বা স্ট্রেস কমাতে এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে। ঈদের ব্যস্ততার মধ্যে গাছের যত্ন নেওয়া আপনার জন্য একধরনের মেডিটেশন হিসেবে কাজ করতে পারে। নাসার গবেষণা অনুযায়ী, কিছু নির্দিষ্ট গাছ ঘর থেকে ক্ষতিকারক টক্সিন দূর করতে সক্ষম। এবারের ঈদে আপনার অন্দরমহল সাজাতে কিছু গাছ বেছে নিতে পারেন।

গোল্ডেন পোথোস বা মানিপ্ল্যান্ট

যাঁরা লতানো গাছ পছন্দ করেন, তাঁদের জন্য এটি সেরা। এর হৃদয় আকৃতির পাতাগুলো জানালার পাশে বা শেলফে ঝুলিয়ে রাখলে দারুণ দেখায়।

সুবিধা: এটি বাতাস থেকে ওজোন এবং ক্ষতিকারক গ্যাস শুষে নিতে পারে।

সতর্কতা: আপনার যদি বিড়াল বা কুকুর থাকে, তবে এটি তাদের নাগালের বাইরে রাখুন। কারণ এর পাতা পোষা প্রাণীর জন্য ক্ষতিকর হতে পারে।

স্নেক প্ল্যান্ট

এই গাছটি দেখতে যেমন অভিজাত, এর যত্ন নেওয়াও তেমন সহজ। তলোয়ারের মতো লম্বাটে পাতাগুলো আপনার ড্রয়িংরুমের কোনায় আধুনিক লুক দেবে।

সুবিধা: এটি রাতেও অক্সিজেন সরবরাহ করে এবং বাতাস থেকে টক্সিন দূর করে।

যত্ন: খুব সামান্য আলোতেও এটি বেঁচে থাকে এবং মাটি শুকিয়ে না যাওয়া পর্যন্ত পানি দেওয়ার প্রয়োজন হয় না।

স্পাইডার প্ল্যান্ট

মাকড়সার পায়ের মতো সরু ও লম্বা পাতার এ গাছটি হ্যাঙ্গিং বাস্কেটের জন্য আদর্শ।

সুবিধা: এটি ক্ষতিকারক গ্যাস শোষণে অত্যন্ত কার্যকর।

যত্ন: উজ্জ্বল কিন্তু পরোক্ষ আলোতে এটি ভালো থাকে। তবে ভুলে পানি না দিলেও এই গাছটি সহজে মারা যায় না।

রাবার প্ল্যান্ট

বড় ও চকচকে পাতার এ গাছটি আপনার ঘরের একঘেয়েমি কাটাতে সাহায্য করবে।

সুবিধা: নতুন তৈরি হওয়া বিল্ডিং বা নতুন রঙের গন্ধ থেকে তৈরি হওয়া দূষণ দূর করতে এটি বেশ কার্যকর।

যত্ন: এটি খরা সহনশীল, তাই নিয়মিত পানি দেওয়ার ঝামেলা নেই। রোদ বা ছায়া—উভয় জায়গাতেই এটি মানিয়ে নেয়।

সাজানোর সহজ উপায়

ফার্ন, ক্যালোথিয়া বা অর্কিডের মতো গাছগুলো বাথরুমের জানালায় বা আয়নার পাশে সাজিয়ে রাখতে পারেন। ছবি: এভরিডে হেলথ

আসবাবপত্রের সঠিক ব্যবহার

আপনার ঘরের বুকশেলফ, টেবিল বা সাইড স্ট্যান্ডগুলো গাছ রাখার জন্য দারুণ জায়গা। সব গাছ একই উচ্চতায় না রেখে বিভিন্ন উচ্চতার আসবাব ব্যবহার করুন। বুকশেলফের ওপর থেকে লতানো গাছ (যেমন পোথোস) ঝুলিয়ে দিলে দেখতে ভালো লাগে।

বাথরুমে সাধারণত আর্দ্রতা বেশি থাকে। তাই ফার্ন, ক্যালোথিয়া বা অর্কিডের মতো গাছগুলো বাথরুমের জানালায় বা আয়নার পাশে সাজিয়ে রাখতে পারেন। এটি বাথরুমে লাক্সারি স্পার মতো সতেজ অনুভূতি দেবে।

অব্যবহৃত কোনাকে প্রাণবন্ত করুন। ঘরের যে কোনাটি খালি পড়ে রয়েছে, সেখানে বিভিন্ন আকৃতির মাটির বা সিরামিকের টব দিয়ে একটি সবুজ কর্নার তৈরি করুন। ঘরের দেয়ালের রঙের সঙ্গে মিলিয়ে টব নির্বাচন করলে পরিবেশটি আরও গোছানো দেখাবে।

ঈদের স্পেশাল ডিনারে ডাইনিং টেবিলের মাঝখানে ছোট ছোট ইনডোর প্ল্যান্ট রাখতে পারেন। খেয়াল রাখবেন গাছের উচ্চতা যেন খুব বেশি না হয়, যাতে অতিথিরা একে অপরের সঙ্গে কথা বলার সময় বাধা না পায়।

পড়ার ঘরের দেয়ালে বা সিলিংয়ে হ্যাঙ্গার ব্যবহার করে গাছ ঝোলাতে পারেন। ফিলোডেনড্রন বা ক্রিপিং ফিগ পড়ার জায়গায় শান্ত ও নিবিড় পরিবেশ সৃষ্টি করে, যা মনোযোগ বাড়াতেও সহায়ক।

সাজানোর সময় যা মনে রাখবেন

  • আপনার ঘর যদি ক্ল্যাসিক ধাঁচের হয়, তবে বেতের ঝুড়ি বা মেটালের পাত্র ব্যবহার করুন। আধুনিক বা মিনিমালিস্ট ঘরের জন্য নিউট্রাল রঙের সিরামিক পট বেছে নিন।
  • একই স্টাইলের বা রঙের কয়েকটি টব একসঙ্গে সাজালে দেখতে বেশি সুন্দর লাগে। তবে বৈচিত্র্য আনতে বিভিন্ন পাতার নকশা ও আকারের গাছ একসঙ্গে রাখতে পারেন।
  • কেবল গাছ না রেখে তার পাশে আপনার প্রিয় বই, ফ্যামিলি ফটো বা ছোট কোনো শোপিস সাজিয়ে রাখুন। এতে সাজসজ্জায় ব্যক্তিগত ছোঁয়া ফুটে উঠবে।
  • যদি ঘরের ভেতর মাটি নিয়ে ঝামেলা করতে না চান, তবে কাচের জারে কেবল পানিতেও লাকি ব্যাম্বু বা মানিপ্ল্যান্টের মতো গাছ সাজাতে পারেন। এতে ঘর পরিষ্কার রাখা সহজ হয়।
  • গাছ কেনার সময় অবশ্যই জেনে নিন সেটির কতটুকু আলো এবং ড্রেনেজ বা পানিনিষ্কাশন ব্যবস্থা প্রয়োজন।

সূত্র: এভরিডে হেলথ, স্টার্স ইনসাইডার

ঘরের মেঝে পরিষ্কারের সহজ ৫ উপায়

গৃহশান্তি বজায় রাখবেন যেভাবে

এম্পটি নেস্ট ডিভোর্স ও দাম্পত্যের নতুন সমীকরণ

এবার নিজের জন্য বাঁচুন

রান্নাঘরে থাকা স্বাস্থ্যের উপকারী বন্ধুদের চিনে নিন

রমজান থেকেই গড়ে তুলুন দারুণ কিছু অভ্যাস

এবারের ঈদে যেসব রঙের পোশাক কিনতে পারেন

রমজান মাসে কফি পান করুন নিয়ম মেনে

মিসিং ডে: কেন ও কীভাবে পালন করবেন

একুশের পোশাকে বর্ণমালার নকশা ও আধুনিকতা