ঈদে ঢাকা এবং অন্যান্য বড় শহর থেকে গ্রামের বাড়ি কিংবা নিজেদের শহরে ফেরার তোড়জোড় শুরু হয়েছে। বাস, ট্রেন, লঞ্চ কিংবা প্লেনে চলেছে মানুষ নাড়ির টানে। ঈদে যেখান থেকেই বাড়ি যান না কেন, কিছু বিষয় খেয়াল রাখতে হবে। শেষ করে যেতে হবে কিছু জরুরি কাজ।
পরিষ্কার-পরিচ্ছন্নতার যে কাজগুলো অবশ্যই করে যেতে হবে
- ঘর ভালোমতো পরিষ্কার করে পুরোনো চাদর বা ওড়না দিয়ে আসবাব ঢেকে রাখুন। এতে সেগুলো ধুলোবালি থেকে মুক্ত থাকবে।
- বেসিন, গোসলখানা ও ঘরের কোণে ন্যাপথলিন রেখে যাওয়ার চেষ্টা করুন। এতে অস্বস্তিকর গন্ধ আর পোকামাকড় থেকে রেহাই পাবেন।
- মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন পরিষ্কার করে রেখে যান। তাহলে ছুটি কাটিয়ে ফিরে কাজ করতে সুবিধা হবে।
- ফ্রিজ ও ময়লার ঝুড়ি খালি করে ধুয়ে উল্টে রেখে যান।
পোষা প্রাণী ও গাছের যত্ন
বাড়ির গাছগুলোতে পর্যাপ্ত পানি দিয়ে যান, যাতে সেগুলো বেঁচে থাকে। প্রয়োজনে গাছে পানি দেওয়ার আধুনিক অ্যাকসেসরিজের ব্যবস্থা করুন।
পোষা প্রাণী থাকলে খালি বাসায় রেখে যাবেন না। সম্ভব হলে তাকে সঙ্গে করে নিয়ে যান অথবা পরিচিত কারও বাসায় রেখে যান। তাদের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করে যান।
নিরাপত্তাবিষয়ক পদক্ষেপ
বাড়ি যাওয়ার আগে দরজা-জানালা ঠিকঠাক বন্ধ করুন। প্রতিটি ঘরের দরজা এবং বারান্দার দরজা লক করে যান। বাসার মূল দরজায় তালা ঠিকভাবে লাগানো হয়েছে কি না, তা ভালো করে দেখে নিন।
আজকাল প্রায় সব ভবনেই সিসিটিভি মনিটরিং সিস্টেম ব্যবহার করা হয়। সে ক্ষেত্রে ঈদের ছুটিতে প্রতিষ্ঠান অথবা বাসা বন্ধ করে যাওয়ার আগে কয়েকটি বিষয়ে কাজ করতে হবে।
- ডিভিআর ও এনভিআরে রেকর্ডিং হচ্ছে কি না, তা নিশ্চিত হয়ে নিন। না হলে চালু করে দিতে হবে। চালু না হলে ডিভিআর রিসেট অথবা হার্ড ডিস্ক ফরম্যাট দিতে হতে পারে।
- রেকর্ডিং চালু থাকলে তারিখ ও সময় সঠিক রয়েছে কি না, সে বিষয়টিও দেখতে হবে।
- প্রতিষ্ঠান অথবা বাসার মেইন পাওয়ার সিস্টেম বন্ধ করলে ডিভিআর, এনভিআরসহ ক্যামেরা বন্ধ হচ্ছে কি না দেখতে হবে।
- অনলাইনে মনিটরিংয়ের জন্য ওয়াই-ফাই এবং নেট লাইন সচল রয়েছে কি না দেখতে হবে।
- মনিটর অথবা টিভি সংযোগ সচল থাকলে তা খুলে অথবা বন্ধ রাখতে হবে।
- ইলেকট্রিক পাওয়ার সংযোগ অথবা ক্যামেরার সংযোগ ঠিকমতো রয়েছে কি না দেখতে হবে।
- আপনার প্রতিষ্ঠানে যদি থাকে টাইম অ্যাটেনডেন্স অথবা এক্সেস কন্ট্রোল সিস্টেম, তাহলে তা সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে এই ঈদের ছুটিতে।
ফায়ার অ্যালার্ম সিস্টেম
- আপনার প্রতিষ্ঠান অথবা আবাসিক স্থাপনায় ফায়ার অ্যালার্ম সিস্টেম থাকলে চেক করে নিন।
- প্যানেল সচল রয়েছে কি না নিশ্চিত হয়ে নিন। প্যানেলে কোনো ফলস অ্যালার্ম দেখাচ্ছে কি না, সেটিও চেক করুন। বেলের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে কি না, জেনে নিন।
- প্যানেলে ব্যাটারি চার্জ নিচ্ছে কি না এবং ব্যাকআপ দিচ্ছে কি না, তা-ও দেখুন।
- সবাইকে সচেতন করে একবার কল পয়েন্টে প্রেস করে সিস্টেম চেক করে নিন।
- পাবলিক অ্যানাউন্সমেন্ট বা পিএ সিস্টেম সচল রয়েছে কি না এবং অ্যালার্ম সিস্টেমের সঙ্গে সেটি যুক্ত কি না, সেগুলো দেখে নিন। অটো ভয়েস ইভাকুয়েশন সচল কি না, তা-ও দেখুন।
- কোনো ডিটেক্টর বা ডিভাইস নষ্ট কিংবা সংযোগ বিচ্ছিন্ন থাকলে ঈদের ছুটির আগেই সারিয়ে নিন।
বাসা ছাড়ার আগে বন্ধ করুন
- এসির মেইন পাওয়ার সুইচ
- গ্যাসের চুলার সংযোগ বা সিলিন্ডারের সংযোগ
- সকল পানির কল অথবা সংযোগ
- বিচ্ছিন্ন করুন সব ধরনের প্লাগ লাইন সংযোগ
- খুলে রাখুন ডিশ ও ইন্টারনেট সংযোগ।
সূত্র: বেটার হোমস অ্যান্ড গার্ডেনস, দ্য স্প্রাউস ও অন্যান্য