হোম > চাকরি > ক্যারিয়ার পরামর্শ

একটি আদর্শ প্যারাগ্রাফ লিখবেন যেভাবে

প্যারাগ্রাফ লেখার শিল্প ও বৈজ্ঞানিক কৌশল আমাদের লেখাকে শুধু তথ্যসমৃদ্ধ নয়, প্রভাবশালী ও পাঠকবান্ধব করে তোলে। একটি কার্যকর প্যারাগ্রাফ শুধু টপিক সেনটেন্স, সাপোর্টিং ডিটেইলস ও কনক্লুডিং সেনটেন্স—এই তিন অংশের সমষ্টি নয়; এর ভেতরে নিহিত থাকে ঐক্য, পূর্ণতা ও সংহতির সমন্বিত প্রয়োগ। পরিকল্পিত বিন্যাস, যুক্তিনিষ্ঠ উপস্থাপন এবং প্রাসঙ্গিক উদাহরণের সঠিক ব্যবহার একটি সাধারণ লেখাকেও করে তোলে প্রাণবন্ত ও গ্রহণযোগ্য। কীভাবে একটি ইংরেজি প্যারাগ্রাফকে সুগঠিত, সংহত ও প্রাঞ্জল করা যায়—তা নিয়েই আজকের আয়োজন। লিখেছেন শাহ বিলিয়া জুলফিকার

শাহ বিলিয়া জুলফিকার

একটি আদর্শ প্যারাগ্রাফ সাধারণত তিনটি অংশে গঠিত—টপিক সেনটেন্স, সাপোর্টিং ডিটেইলস এবং কনক্লুডিং সেনটেন্স। টপিক সেনটেন্স, যা অধিকাংশ ক্ষেত্রে প্রথম বাক্য হিসেবে থাকে, প্যারাগ্রাফের মূল বক্তব্য স্পষ্ট ও সংক্ষিপ্তভাবে উপস্থাপন করে। এটি পাঠককে জানায় আলোচনার কেন্দ্রবিন্দু কী এবং পরবর্তী বাক্যগুলো কোন দিক অনুসরণ করবে। এরপর আসে সাপোর্টিং ডিটেইলস—মাঝের বাক্যগুলো, যেখানে মূল বক্তব্যকে ব্যাখ্যা করা হয় তথ্য, উদাহরণ, বিশ্লেষণ, যুক্তি বা পরিসংখ্যানের মাধ্যমে। এই অংশে প্রতিটি বাক্য টপিক সেনটেন্সের সঙ্গে সরাসরি সম্পর্কিত হওয়া জরুরি। অপ্রাসঙ্গিক তথ্য প্যারাগ্রাফের শক্তি কমিয়ে দেয়। একই সঙ্গে বাক্যগুলোর মধ্যে যৌক্তিক প্রবাহ বজায় রাখতে হবে, যাতে পাঠক সহজে ভাবের অগ্রগতি অনুসরণ করতে পারেন। সবশেষে কনক্লুডিং সেনটেন্স প্যারাগ্রাফের মূল ভাবকে সংক্ষেপে পুনর্ব্যক্ত করে। এটি টপিক সেনটেন্সের হুবহু পুনরাবৃত্তি নয়; বরং ভিন্ন শব্দচয়নে আলোচনার সারাংশ তুলে ধরে এবং প্রয়োজনে পরবর্তী প্যারাগ্রাফের সঙ্গে সেতুবন্ধ তৈরি করে।

রচনায় প্যারাগ্রাফের প্রকারভেদ

একটি পূর্ণাঙ্গ প্রবন্ধে সাধারণত চার ধরনের প্যারাগ্রাফ থাকে। প্রথমটি সূচনা বা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, যা পাঠকের আগ্রহ জাগায় এবং প্রবন্ধের মূল থিসিস স্পষ্ট করে। এখানে প্রেক্ষাপট উপস্থাপন, প্রাসঙ্গিক প্রশ্ন উত্থাপন, চমকপ্রদ তথ্য বা সংক্ষিপ্ত উদ্ধৃতি ব্যবহার করে পাঠককে আলোচনায় যুক্ত করা যায়।

দ্বিতীয়ত, মূল অংশ বা বডি প্যারাগ্রাফ। প্রতিটি বডি প্যারাগ্রাফে একটি নির্দিষ্ট উপবিষয় আলোচনা করা হয় এবং তা মূল থিসিসকে সমর্থন করে। স্পষ্ট টপিক সেনটেন্স ও পর্যাপ্ত সাপোর্টিং টেইলসের মাধ্যমে যুক্তিগুলো ধারাবাহিকভাবে সাজানো হয়। তৃতীয়ত, ট্রানজিশনাল বা পরিবর্তনশীল রাগ্রাফ, যা একটি বিষয় থেকে অন্য বিষয়ে যাওয়ার সময় সংযোগ রক্ষা করে। ‘অতএব’, ‘অন্যদিকে’, ‘তদুপরি’, তবে’, ‘ফলস্বরূপ’ ইত্যাদি সংযোগকারী শব্দ আলোচনার প্রবাহ অক্ষুণ্ণ রাখে। সবশেষে উপসংহার প্যারাগ্রাফ, যেখানে পুরো আলোচনার সারাংশ উপস্থাপন করে মূল থিসিস পুনর্ব্যক্ত করা হয়। এখানে নতুন তথ্য যুক্ত না করে বরং আলোচিত বিষয়কে সংক্ষিপ্ত ও প্রভাবশালীভাবে তুলে ধরাই বাঞ্ছনীয়।

একটি কার্যকর প্যারাগ্রাফের তিন স্তম্ভ

গঠনগত সঠিকতা যথেষ্ট নয়; একটি প্যারাগ্রাফকে কার্যকর করতে প্রয়োজন তিনটি মৌলিক গুণ—ঐক্য (Unity), পূর্ণতা বা বিকাশ (Development) এবং সংহতি বা সাবলীলতা (Coherence)।

ঐক্য বজায় রাখতে প্রতিটি বাক্যকে একটি কেন্দ্রীয় ভাবের চারপাশে আবর্তিত হতে হবে। টপিক সেন্টেন্স স্পষ্ট না হলে বা অপ্রাসঙ্গিক তথ্য যুক্ত হলে ঐক্য নষ্ট হয়। পূর্ণতা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যাখ্যা ও প্রমাণ উপস্থাপন জরুরি। কেন, কী, কখন, কোথায় ও কীভাবে—এই প্রশ্নগুলোর উত্তর থাকলে প্যারাগ্রাফ পরিপূর্ণতা পায়। যুক্তি, উদাহরণ ও গবেষণালব্ধ তথ্য বক্তব্যকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে। সংহতি নিশ্চিত করে বাক্যগুলোর স্বাভাবিক প্রবাহ। সংযোগকারী শব্দ, সর্বনাম ব্যবহার এবং মূল শব্দের সুনিপুণ পুনরাবৃত্তি লেখাকে সাবলীল করে। প্যারাগ্রাফের দৈর্ঘ্য নির্দিষ্ট নয়; তবে অতিরিক্ত দীর্ঘ হলে পাঠক মনোযোগ হারাতে পারেন, আর খুব ছোট হলে ভাব অসম্পূর্ণ থেকে যেতে পারে।

কার্যকর প্যারাগ্রাফ লেখার কৌশল

প্যারাগ্রাফ লেখার আগে পরিকল্পনা অপরিহার্য। প্রথমে নির্ধারণ করতে হবে—কোন বিষয়টি প্রমাণ বা ব্যাখ্যা করতে চাই। দ্বিতীয়ত, পাঠককে কী বোঝাতে চাই এবং তাদের প্রেক্ষাপট কতটুকু, তা বিবেচনায় নিতে হবে। তৃতীয়ত, এই প্যারাগ্রাফ পুরো প্রবন্ধের কাঠামোয় কী ভূমিকা রাখবে, তা স্পষ্ট থাকতে হবে।

এই তিন প্রশ্নের উত্তর জানা থাকলে প্যারাগ্রাফ হয় সুসংহত, যুক্তিনিষ্ঠ ও প্রাসঙ্গিক। পরিকল্পিত চিন্তা, পরিমিত তথ্য ও সাবলীল ভাষা—এই সমন্বয়ই একটি প্যারাগ্রাফকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে।

কর্মক্ষেত্রে পদোন্নতি পেতে যা জানা জরুরি

বর্জ্যপানি গবেষণা শুধু দেশে নয়, বিশ্বেও প্রাসঙ্গিক

নমুনা ভাইভা: জিআইয়ের স্বীকৃতি পেলে লাভ কী?

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি: বাংলার ৬ প্রত্নস্থল

যে ৭ প্রতিষ্ঠানে এআইয়ের কারণে চাকরি হারাচ্ছে মানুষ

মধ্যবয়সেও এআইয়ের সঙ্গে এগোনোর কৌশল

ক্যারিয়ার গাইডলাইন: সফল মার্চেন্ডাইজারের ১০টি ‘ওপেন সিক্রেট’

শ্রোতার আস্থা অর্জনের ৫ উপায়

চীনের বদলে যাওয়া ক্যারিয়ার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে অবদান যাঁদের