ইরান দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর ফলে মার্কিন নৌবহরটি অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে। বুধবার (২৫ মার্চ) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশন ও বার্তা সংস্থা ইরনা-এর খবরে বলা হয়, ইরানি নৌবাহিনী উপকূলভিত্তিক ‘কাদার’ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালায়। নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানান, মার্কিন রণতরীর গতিবিধি নিয়মিত নজরদারিতে রাখা হচ্ছে এবং তা ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লায় এলে আরও শক্তিশালী হামলা চালানো হবে।
তবে এই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে ধারাবাহিক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত ১,৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা আলি খামেনিও রয়েছেন।
প্রতিশোধ হিসেবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েলসহ মার্কিন সামরিক ঘাঁটি থাকা জর্ডান, ইরাক এবং উপসাগরীয় বিভিন্ন দেশে। এতে হতাহতের পাশাপাশি অবকাঠামোগত ক্ষতি এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচলেও প্রভাব পড়েছে।
পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে এবং নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।