হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বিশ্বসেরা হ্যান্স জিমারকে দিয়ে জাতীয় সংগীত সুর করাবে সৌদি আরব

হ্যান্স জিমারের সঙ্গে সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথোরিটির চেয়ারম্যান তুর্কি আলালশিখ। ছবি: সংগৃহীত

অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমারকে সৌদি আরবের জাতীয় সংগীত নতুন করে সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছে। উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, সৌদি আরবে যে বিপুল পরিবর্তনের কর্মযজ্ঞ চলছে, তারই অংশ হিসেবে জাতীয় সংগীতকে নতুন করে সাজানোর পরিকল্পনা করা হয়েছে।

শুক্রবার গার্ডিয়ান জানিয়েছে, দ্য লায়ন কিং, ডিউন এবং দ্য ডার্ক নাইট ট্রিলজির মতো বিখ্যাত সব সিনেমার সুরকার জিমার এই প্রকল্পের প্রাথমিক কাঠামোতে সম্মতি জানিয়েছেন।

সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথোরিটির চেয়ারম্যান তুর্কি আলালশিখ এই বিষয়টি নিশ্চিত করেছেন। এক পোস্টে আলালশিখ লিখেছেন, ‘আমরা ভবিষ্যতের অনেক প্রকল্প নিয়ে আলোচনা করেছি, যা শিগগিরই বাস্তবায়িত হবে বলে আশা করি। এর মধ্যে রয়েছে সৌদি জাতীয় সংগীতকে নতুন যন্ত্রের মাধ্যমে পুনর্গঠন।’

আলালশিখ জানান, জাতীয় সংগীত ছাড়াও জিমারের সঙ্গে সৌদি-অনুপ্রাণিত ‘আরাবিয়া’ নামে একটি সুর, সৌদি আরবে খুব বড় আয়োজনে একটি কনসার্ট এবং আসন্ন চলচ্চিত্র ‘দ্য ব্যাটল অব ইয়ারমুক’-এর সাউন্ডট্র্যাক নিয়েও আলোচনা হয়েছে।

আলালশিখ বলেন, ‘এই সব প্রকল্পের জন্য আমরা প্রাথমিক পর্যায়ে একমত হয়েছি এবং আশা করি, শিগগিরই চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারব।’

সৌদি আরবের জাতীয় সংগীত ‘আশ আল-মালিক’ (দীর্ঘজীবী হোন বাদশা) ১৯৪৭ সালে মিসরের সুরকার আবদুর রহমান আল-খতিব সৌদি বাদশা আবদুল আজিজের অনুরোধে রচনা করেছিলেন। বর্তমানে প্রচলিত সংস্করণটি সেই সময়কার প্রচলিত ‘আরব ফ্যান ফেয়ার’ ঘরানার।

বিশ্বের সর্ববৃহৎ তেল রপ্তানিকারক এবং ইসলামের পবিত্রতম স্থানসমূহের অধিকারী সৌদি আরব তাদের অর্থনীতি তেল নির্ভরতা থেকে সরিয়ে নেওয়ার জন্য একটি উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা নিয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে দেশটিতে পুনরায় সিনেমা হল চালু করা হয়েছে। নারীদের গাড়ি চালানোরও অনুমতি দেওয়া হয়েছে। এমনকি দেশটি প্রথমবারের মতো অমুসলিম পর্যটকদের প্রবেশের অনুমতি দিয়েছে। এ ছাড়া তারা বড় বড় প্রকল্পের উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের মধ্যে বিলাসবহুল রিসোর্ট ছাড়াও রয়েছে ৫০০ বিলিয়ন ডলারের মরুভূমির ভবিষ্যতের শহর ‘নিওম’।

এদিকে মানবাধিকার কর্মীরা বলেছেন, সৌদি আরব তাদের কঠোর নীতিগুলো আড়াল করতেই সংস্কৃতি ও খেলাধুলার প্রচার চালাচ্ছে। তাঁদের মতে, সৌদি আরবে নারীদের অধিকার এখনো অনেক সীমিত। এ ছাড়া মতপ্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়ার পাশাপাশি দেশটিতে পৃথিবীর সর্বোচ্চ হারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ইরান–যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিতে আছে যেসব বিষয়

চুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, সই শুক্রবারে

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর হতে পারে ‘ইলেকট্রনিক্যালি’

ইরান–যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তির সঙ্গে ২০১৫ সালের চুক্তির যত মিল–অমিল

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের প্রত্যাখ্যান—যুদ্ধবিরতি চুক্তি আজ আদৌ হবে কি

রোববারই চুক্তি সই হবে—ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান আইআরজিসির

জুলাই মাসে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

হামলা না করার শর্তে ইরানকে বিপুল টাকা দিয়েছে আমিরাত, ‘ভিত্তিহীন খবর’ বলল আবুধাবি

যুদ্ধ বন্ধে ‘চুক্তির এত কাছাকাছি আর কখনোই আসেনি’ ইরান-যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি প্রায় চূড়ান্ত, কী আছে এতে