হোম > বিশ্ব > ভারত

ভারতীয় সেনার বিরুদ্ধে আন্দোলনে উত্তাল নাগাল্যান্ড

কলকাতা প্রতিনিধি

ভারতের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আন্দোলনে উত্তাল উত্তর পূর্ব ভারতের উপজাতি অধ্যুষিত রাজ্য নাগাল্যান্ড। তাদের দাবি, বাতিল করতে হবে সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন (আফস্পা)। সাধারণ বিচারের আওতায় আনতে হবে সেনাবাহিনীকেও। 

 ৪ ডিসেম্বর নাগাল্যান্ডের মুন জেলার ওটিং-এ জঙ্গি সন্দেহে নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করে ১৪ জনকে। সেই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এখনো প্রতিবাদ মুখর নাগাল্যান্ড। আজ শুক্রবারও রাজধানী কোহিমা ছাড়াও রাজ্যের প্রতিটি জেলাতেই আন্দোলনে নামেন হাজার হাজার মানুষ। 

রাজধানী কোহিমাতে নাগা স্টুডেন্ট ফেডারেশনের ডাকে হাজার হাজার মানুষ প্রতিবাদে নামেন। তাদের দাবি, বিনা বিচারে আদিবাসীদের হত্যা করা চলবে না। বিভিন্ন নাগা গোষ্ঠী জানিয়েছে, তারা ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে অসহযোগ কর্মসূচি চালিয়ে যাবেন। 

এদিন আন্দোলনরত নাগারা শান্তিপূর্ণভাবে বিভিন্ন দাবিদাওয়া সংবলিত প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামেন। তাতে লেখা ছিল, ওটিং হত্যাকাণ্ডের বিচার চাই। আফস্পা বাতিল করতে হবে। অর্থ নয়, বিচার চাই। 

ওটিং-এ মৃত স্থানীয়রা সকলেই কনিয়াক উপজাতি সম্প্রদায়ের। তাদের সংগঠন ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশনের প্রতি সমর্থন জানিয়ে অন্যান্য সংগঠনও পথে নেমেছে। 

ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে আফস্পা বাতিলের দাবি জানানো হবে কেন্দ্রীয় সরকারের কাছে। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফু রিও চিঠি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই দাবি খারিজ করে দিয়েছেন। তাই এদিন অমিত শাহের কুশপুতুল দাহ করেন নাগারা। 

নাগা ছাত্র ফেডারেশনের সভাপতি কেগহুয়ান টেপা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আফস্পার রক্ষাকবচের ফলে ভারতীয় নিরাপত্তা বাহিনী নিশ্চিন্তে মানুষ খুন করে চলেছে। তারই প্রতিবাদে রাজ্যবাসী স্বতঃস্ফূর্তভাবে এদিন শান্তিপূর্ণ আন্দোলন করেন বলে তিনি জানান। 

নাগাল্যান্ডের প্রভাবশালী কনিয়ক ইউনিয়নের তরফে জানানো হয়, আফস্পা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ওটিং-সহ বিভিন্ন জায়গায় চলবে সেনাবাহিনীকে বয়কট কর্মসূচি। 

ভারতের নাগাল্যান্ড রাজ্যে বহুদিন ধরেই চলছে জঙ্গিবাদীদের কার্যকলাপ। গত কয়েক বছর ধরে রাজ্য ও কেন্দ্রীয় সরকার শান্তি আলোচনা চালাচ্ছে বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে। ওটিং-এর ঘটনায় সেই আলোচনাও বিঘ্নিত হতে পারে বলে অনেকে মনে করছেন।

বিহারে মন্ত্রীর আত্মীয়ের জমি বাঁচাতে পরিবর্তন হয়ে গেল এক্সপ্রেসওয়ের রুট

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ