হোম > বিশ্ব > ভারত

মেঘালয়ে অবৈধ কয়লাখনিতে বিস্ফোরণ, ১৮ শ্রমিকের লাশ উদ্ধার, নিখোঁজ বহু

আজকের পত্রিকা ডেস্ক­

অবৈধ কয়লাখনিতে ডিনমাইটের বিস্ফোরণ থেকেই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ছবি: সংগৃহীত

উত্তর-পূর্ব ভারতের মেঘালয়ে ফের বেআইনি খনি বা ‘র‍্যাট হোল’ মাইনিংয়ের বলি হলেন সাধারণ শ্রমিকেরা। পূর্ব জৈন্তিয়া পাহাড় জেলায় একটি অবৈধ কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বেশ কিছু শ্রমিক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার জেলার একটি দুর্গম এলাকায় ওই অবৈধ খনিতে কাজ চলাকালে আচমকা তীব্র বিস্ফোরণ ঘটে। জেলা পুলিশ সুপার বিকাশ কুমার জানিয়েছেন, খনির ভেতরে পাথর ভাঙার জন্য ব্যবহৃত ডিনামাইট থেকেই সম্ভবত এই বিস্ফোরণ ঘটেছে।

বিস্ফোরণের জেরে খনির ভেতরে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। পুলিশের প্রাথমিক ধারণা, শ্রমিকদের মৃত্যু হয় দগ্ধ হয়ে অথবা বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে। স্থানীয় কর্মকর্তা মনীশ কুমার জানান, এখন পর্যন্ত ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৮ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

যেহেতু খনিটি সম্পূর্ণ অবৈধ এবং অত্যন্ত সংকীর্ণ বা ‘র‍্যাট হোল’ প্রকৃতির, তাই ভেতরে ঠিক কতজন শ্রমিক কাজ করছিলেন, তার সঠিক হিসাব পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার সূর্যাস্তের পর উদ্ধারকাজ সাময়িকভাবে স্থগিত রাখা হলেও শুক্রবার সকাল থেকে রাজ্য ও কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সহায়তায় ফের তল্লাশি শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশাসনের আশঙ্কা, আরও বেশ কিছু শ্রমিক এখনো খনির গভীরে আটকে থাকতে পারেন।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি সাফ জানিয়েছেন, যারা এই বেআইনি খনি কারবারের সঙ্গে যুক্ত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে নিহত ব্যক্তিদের পরিবারপিছু ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে মেঘালয়ে পরিবেশদূষণের কারণে ‘র‍্যাট হোল’ মাইনিং বা ইঁদুরের গর্তের মতো ছোট সুড়ঙ্গ খুঁড়ে কয়লা তোলা নিষিদ্ধ। তা সত্ত্বেও লাভের আশায় শ্রমিকদের জীবন বাজি রেখে এই মরণফাঁদে কাজ করানো হচ্ছে। ২০১৮ সালেও মেঘালয়ের লুমথারি এলাকায় খনিতে পানি ঢুকে ১৫ জন শ্রমিকের মৃত্যু হয়। ১৮ থেকে ২৪ ডলার সমপরিমাণের দৈনিক মজুরির বিনিময়ে সাধারণ শ্রমিকেরা এই ঝুঁকিপূর্ণ কাজ করতে প্রলুব্ধ হচ্ছেন।

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত