হোম > বিশ্ব > ভারত

কিংবদন্তি ভারতীয় আলোকচিত্রী রঘু রাই আর নেই

আজকের পত্রিকা ডেস্ক­

আলোকচিত্রী রঘু রাই। ছবি: সংগৃহীত

ভারতের ইতিহাসের প্রতিটি মোড়কে লেন্সের মাধ্যমে অমর করে রাখা কিংবদন্তি আলোকচিত্রী রঘু রাই আর নেই। আজ রোববার ভোরে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ৮৩ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

রঘু রাইয়ের প্রয়াণের মধ্য দিয়ে ভারতীয় সাংবাদিকতা এবং শৈল্পিক আলোকচিত্রের একটি সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটল।

রঘু রাইয়ের পুত্র এবং স্বনামধন্য আলোকচিত্রী নীতিন রাই সংবাদ সংস্থা পিটিআইকে বাবার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই বছর ধরে রঘু রাই মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। নীতিন বলেন, ‘বাবার প্রথমে প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছিল, কিন্তু তিনি সেটি জয় করেন। এরপর ক্যানসার পাকস্থলীতে ছড়িয়ে পড়লে চিকিৎসায় সেটিও সেরে উঠেছিল। তবে দুর্ভাগ্যবশত সম্প্রতি ক্যানসার তাঁর মস্তিষ্কে ছড়িয়ে পড়ে এবং বার্ধক্যজনিত নানা জটিলতা দেখা দেয়।’

রঘু রাই কেবল একজন আলোকচিত্রী ছিলেন না, তিনি ছিলেন আধুনিক ভারতের এক জীবন্ত দলিল। তাঁর ক্যামেরার চোখে উঠে এসেছে ভারতের দারিদ্র্য, আভিজাত্য, রাজনীতির চড়াই-উতরাই এবং সাধারণ মানুষের না বলা সহস্র গল্প। ভোপাল গ্যাস ট্র্যাজেডি থেকে শুরু করে মাদার তেরেসার জীবন—সবই তাঁর লেন্সে ধরা পড়েছিল এক ভিন্ন আঙ্গিকে। তাঁর তোলা ছবিগুলো ভারতের শিল্প ও সাংবাদিকতা জগৎকে বিশ্বের দরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল।

মৃত্যুকালে তিনি স্ত্রী গুরমিত, পুত্র নীতিন এবং তিন কন্যা—লগন, অবনী ও পূর্বাইকে রেখে গেছেন। তাঁর প্রয়াণে ভারতের শিল্প ও সংস্কৃতি মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানানো হয়েছে, রঘু রাইয়ের শেষকৃত্য আজ বিকেল ৪টায় দিল্লির লোধি শ্মশানে সম্পন্ন হবে।

শিল্পী হিসেবে তাঁর সৃষ্টি এবং লেন্সের জাদুকরি ছোঁয়া আগামী বহু প্রজন্ম পর্যন্ত আলোকচিত্রীদের অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিদেশি আলোকচিত্রীদের মধ্যে রঘু রাই ছিলেন অন্যতম। তিনি ভারতের দ্য স্টেটমেন্ট পত্রিকার প্রধান আলোকচিত্র সাংবাদিক হিসেবে মুক্তিযুদ্ধের সময় ভারতের আশ্রয়শিবির ঘুরে ঘুরে উদ্বাস্তু বাংলাদেশিদের অবর্ণনীয় কষ্টের জীবনযাত্রা তুলে ধরেন। জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে প্রবেশ করে মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ যুদ্ধের দৃশ্য, চূড়ান্ত বিজয়ের পর বিজয়ী মুক্তিযোদ্ধাদের দেশে ফেরা ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্যও ক্যামেরায় ধারণ করেছিলেন। তাঁর তোলা ছবিগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অমূল্য দলিল হয়ে আছে।

এবার মমতাকে ছেড়ে মোদির জোটে তৃণমূলের ২০ বিদ্রোহী সংসদ সদস্য

পরিস্থিতি খুব খারাপ, শুধু ভারতীয়দের ওপরই হামলা হচ্ছে—সাহায্যের আকুতি জানিয়ে ভিডিও বার্তা

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিলম্ব ছিল ঐতিহাসিক ভুল: হিমন্ত বিশ্ব শর্মা

প্রেমের বিয়ে মেনে না নিয়ে থানার ভেতরেই মেয়েকে খুন করলেন বাবা

টেস্টটিউব বেবি নিতে গিয়ে গর্ভে অন্যের ভ্রূণ, যমজ সন্তান নিয়ে বিপাকে দম্পতি

ভারতে ওষুধের বদলে ফরমালিন ইনজেকশন, ক্যানসার আক্রান্ত শিশুর মৃত্যু

নেতাদের বিজেপির আনুকূল্য গ্রহণের হিড়িক, ‘বিশ্বাসঘাতকায়’ মমতার দলে ভাঙন চলছেই

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত