হোম > বিশ্ব > ভারত

ভাস্কর্য ইস্যুতে বিতর্ক চান না লতা মঙ্গেশকরের ভাই

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের ভাস্কর্য স্থাপনকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে। সেই বিতর্কের প্রেক্ষাপটে সম্প্রতি লতা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথ মঙ্গেশকর বলেছেন, ভাস্কর্য ইস্যুতে মঙ্গেশকর পরিবার কোনো বিতর্ক চায় না। ‘শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের ভাস্কর্য স্থাপন করতে হবে এমন দাবি আমাদের পরিবার থেকে কখনোই করা হয়নি। দয়া করে লতাজিকে নিয়ে রাজনীতি করা বন্ধ করুন।’ বলেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের শিবাজি পার্কের যেখানে লতা মঙ্গেশকরের মরদেহ দাহ করা হয়েছিল সেখানে একটি স্মৃতি-ভাস্কর্য স্থাপনের দাবি জানিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে একটি চিঠি লিখেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক রাম কদম। তাঁর এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান নানা পাটোলে।

এরপর থেকে মহারাষ্ট্রের ক্ষমতাসীন শিবসেনা-কংগ্রেস জোট এবং বিরোধী বিজেপির মধ্যে তুমুল উত্তেজনা দেখা দিয়েছে।

রাম কদমের এই দাবিটি শিবসেনাকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে। কারণ শিবাজি পার্কের সঙ্গে দলটির এক ধরনের আত্মিক সম্পর্ক রয়েছে। দলটির প্রয়াত শীর্ষ নেতা বাল ঠাকরে এই পার্কে প্রতিবছর ‘দশেরার সমাবেশ’ আয়োজন করতেন। শিবসেনার সভাপতি ও মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও সেই রীতি অনুসরণ করেছেন।

মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) নেতা সন্দীপ দেশপান্ডে এক টুইটে লিখেছেন, ‘শিবাজি পার্ককে দখলের হাত থেকে রক্ষা করতে দাদরের বাসিন্দারা দীর্ঘ সময় লড়াই করেছে। আমি সবাইকে অনুরোধ করছি, ক্ষুদ্র দলীয় রাজনীতির স্বার্থে শিবাজি পার্ককে বলি দেবেন না।’ 

এদিকে বঞ্চিত বহুজন আঘাদির (ভিবিএ) প্রধান প্রকাশ আম্বেদকর বলেছেন, ‘আমরা সবাই শিবাজি পার্কে আমাদের শৈশব কাটিয়েছি। এই মাঠ অনেক বিখ্যাত ক্রিকেটার তৈরি করেছে। শিবাজি পার্কের মাঠ ভারতের ক্রিকেটের দোলনা। এটি সংরক্ষণ করা আমাদের কর্তব্য।’ 

তিনি অন্য কোথাও লতা মঙ্গেশকরের স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানিয়ে বলেন, ‘স্মৃতিসৌধ যদি তৈরি করতেই হয়, তবে লতা মঙ্গেশকরের মর্যাদার সঙ্গে মানানসই স্মৃতিসৌধ নির্মাণ করতে হবে।’

মহারাষ্ট্র সরকার অবশ্য লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানানোর জন্য মুম্বাইয়ের কালিনায় ২ দশমিক ৫ একরজুড়ে একটি আন্তর্জাতিক মানের সংগীত একাডেমি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। ১ হাজার ২০০ কোটি রুপি ব্যয়ে একাডেমিটি নির্মিত হবে। 

মহারাষ্ট্রের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন লতা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথ মঙ্গেশকর।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে মারা গেছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীত শিল্পী লতা মঙ্গেশকর। 

অতীতের তিক্ততা ভুলে ১০ বছর মেয়াদি পারমাণবিক চুক্তিতে ভারত-কানাডা

যুদ্ধ শুরুর দুদিন পর নেতানিয়াহুকে মোদির ফোন, কী কথা হলো

খামেনি হত্যার নিন্দা জানাল ভারতের বিরোধী দল—মোদি এখনো চুপ

খামেনিকে হত্যা: বিক্ষোভে উত্তাল কাশ্মীর, শ্রীনগরে মাতম

মুখ্যমন্ত্রিত্ব হারিয়েছিলেন যে মামলায়, সেটাতে খালাস পেলেন কেজরিওয়াল

মহারাষ্ট্রে এত বেশি নারী নিখোঁজ হয় কেন

বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত

বদলে যাচ্ছে কেরালার নাম, বদলাতে চায় ভারতের আরও কয়েক রাজ্য

ভারতের মহারাষ্ট্রে দুই বছরে নিখোঁজ ৯৩ হাজারের বেশি নারী

একবার বিয়ে পণ্ড করে এবার বিয়ের মঞ্চেই কনেকে গুলি