হোম > বিশ্ব > ভারত

‘অপারেশন সিঁদুর’ এখনো শেষ হয়নি, পাকিস্তান হামলা করলে জবাব দেবে ভারত: রাজনাথ সিং

আজকের পত্রিকা ডেস্ক­

সর্বদলীয় বৈঠকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছবি: পিটিআই

পেহেলগামে হামলার জেরে পাকিস্তানে চালানো ভারতের ‘অপারেশন সিঁদুর’ একটি চলমান অভিযান। এটি এখনো শেষ হয়নি। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান হামলা করলে ভারত কঠিন জবাব দেবে বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি আরও বলেন, অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন স্থানে ভারতের হামলায় অন্তত ১০০ সন্ত্রাসী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে তিনি এসব কথা বলেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বৈঠকের পর সংসদবিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু সাংবাদিকদের বলেন, বিষয়টি নিয়ে একটি রাজনৈতিক ঐকমত্যের জন্য এই বৈঠক আহ্বান করা হয়েছিল। নেতারা সবাই এই বিষয়ে একমত হয়েছেন, কেউ বাগ্‌বিতণ্ডায় জড়াননি। তিনি বলেন, নেতারা জাতীয় নিরাপত্তা এবং সকল ভারতীয়ের, বিশেষ করে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই অভিযানে পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন।

কিরেণ রিজিজু আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে ‘সমগ্র জাতি সরকার ও সশস্ত্র বাহিনীর সঙ্গে ঐক্যবদ্ধ’। রিজিজু বলেন, প্রতিরক্ষামন্ত্রী বৈঠকে বলেছেন, ‘আমরা শুধু সরকার গঠনের জন্য রাজনীতি করি না, জাতি গঠনের জন্যও করি। অপারেশন সিঁদুর একটি চলমান অভিযান, এ কারণে প্রতিরক্ষামন্ত্রী এর কারিগরি বিস্তারিত তথ্য জানাতে পারেননি। বৈঠকে কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তাও উপস্থিত ছিলেন না, কারণ তাঁরা অভিযানে ব্যস্ত ছিলেন।’

রাজ্যসভার বিরোধী দলের নেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও এই বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘সংকটের মুহূর্তে আমরা সরকারের সঙ্গে আছি।’ তিনি জানান, বৈঠকে সরকার কী বলেছে, তাঁরা তা শুনেছেন। নিরাপত্তার দিক থেকে কিছু জিনিস গোপনীয়, তাই সব বিষয়ে আলোচনা করা যাবে না বলে জানিয়েছে সরকার।

মল্লিকার্জুন খাড়গে আরও বলেন, ‘আমরা সবাই বলেছি, এই কঠিন সময়ে আমরা তাদের সঙ্গে আছি...।’

তবে এই বৈঠকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে তিনি বলেন, ‘এটি একটি কঠিন সময় এবং আমরা কারোর সমালোচনা করতে চাই না।’

বৈঠকে সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি অপারেশন সিঁদুর অভিযান পরিচালনার জন্য সশস্ত্র বাহিনী ও ভারত সরকারকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘পেহেলগাম হামলার জন্য দায়ী সশস্ত্র গোষ্ঠী টিআরএফের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচারণা চালানো উচিত এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও যুক্তরাষ্ট্রের উচিত এটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা।’

লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলের নেতাসহ বিভিন্ন দলের নেতা এই বৈঠকে উপস্থিত ছিলেন। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বিজেপি সভাপতি ও স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাও বৈঠকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দুই সপ্তাহ আগে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। এর পরিপ্রেক্ষিতেই ৬-৭ মে (মঙ্গল-বুধবার) পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি স্থানে সন্ত্রাসীদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত।

এই সামরিক হামলা ‘অপারেশন সিঁদুর’ নামে পরিচালিত হয়েছিল। ভারতের হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে বাহাওয়ালপুরের জইশ-ই-মুহাম্মদের শক্ত ঘাঁটি এবং মুরিদকের লস্কর-ই-তাইয়েবার ঘাঁটি অন্তর্ভুক্ত ছিল।

যুদ্ধ শুরুর দুদিন পর নেতানিয়াহুকে মোদির ফোন, কী কথা হলো

খামেনি হত্যার নিন্দা জানাল ভারতের বিরোধী দল—মোদি এখনো চুপ

খামেনিকে হত্যা: বিক্ষোভে উত্তাল কাশ্মীর, শ্রীনগরে মাতম

মুখ্যমন্ত্রিত্ব হারিয়েছিলেন যে মামলায়, সেটাতে খালাস পেলেন কেজরিওয়াল

মহারাষ্ট্রে এত বেশি নারী নিখোঁজ হয় কেন

বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত

বদলে যাচ্ছে কেরালার নাম, বদলাতে চায় ভারতের আরও কয়েক রাজ্য

ভারতের মহারাষ্ট্রে দুই বছরে নিখোঁজ ৯৩ হাজারের বেশি নারী

একবার বিয়ে পণ্ড করে এবার বিয়ের মঞ্চেই কনেকে গুলি

১৮ মাস পর ঢাকা হয়ে কলকাতা-আগরতলা বাস আবার চালু